রাত পোহালেই রবিবার মেগা নির্বাচনের (West Bengal Elections 2021) ফল ঘোষণা। বেশিরভাগ এক্সিট পোলের (Exit Polls) মতো শিল্পাঞ্চলে সাট্টার বাজারেও ভাও(দর) বেশি তৃণমূলের দিকেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের হ্যাটট্রিকের উপরই বাজি ধরছে বেশিরভাগ জুয়াড়ি। নির্বাচনের দিন ঘোষণার পর প্রথমদিকে জুয়ার বাজারে বিজেপির তীব্র কদর থাকলেও সময় যত এগিয়েছে তাদের দর নেমেছে। ফল ঘোষণার একদিন আগে সাট্টার বাজারও ঘাসফুলের দিকেই ঝুঁকেছে।
বৃহস্পতিবার শেষ দফায় ভোটের পর বেশিরভাগ এক্সিট পোলেই বিজেপির থেকে তৃণমূল কংগ্রেসকে (Trinamool Congress) এগিয়ে রেখেছে। বেশ কয়েকটিতে তো একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ফের ক্ষমতায় আসার ইঙ্গিত দেওয়া হয়েছে। এই অবস্থায় চাপে পড়েছেন বিজেপি নেতা-কর্মীরা। বহু নেতা-কর্মী তাঁদের পছন্দের মানুষের কাছে জানতে চাইছেন, বিজেপি কত আসন পাবে বলে মনে হচ্ছে। গেরুয়া শিবির যখন আত্মবিশ্বাস হারাচ্ছে তখন এক্সিট পোলের সমীক্ষায় স্বস্তির হওয়া তৃণমূল শিবিরে।
কোনও গুরুত্বপূর্ণ ‘ম্যাচের’ ফলাফল হোক বা নির্বাচনী ফলাফল কী হতে চলেছে তার আভাস পেতে অনেকেই নজর রাখেন সাট্টার বাজারের উপর। তারা নাকি আগাম ‘গন্ধ’ পায়। বাংলার এবারের নির্বাচনের ফলাফল রাজ্য তথা দেশের রাজনৈতিক অবস্থার ক্ষেত্রে বিশেষ গুরুত্ব পেতে চলেছে। তাই এই হাইভোল্টেজ বিধানসভা নির্বাচনের ফলাফল কী হতে চলেছে, তা জানার কৌতুহল তুঙ্গে। রবিবার সকাল থেকে গণনা শুরু হবে। বেলা বাড়তেই ট্রেন্ড কিছুটা স্পষ্ট হবে।
দু’মাস আগেও কিন্তু পরিস্থিতি অন্যরকম ছিল। ভোটের দিন ঘোষণার পর অনেকেই ভেবেছিল, বিজেপিই সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে। কিন্তু ফল ঘোষণার আগে সেই চিত্র উল্টে গিয়েছে।
এদিকে বৃহস্পতিবার শেষ দফা নির্বাচনের পরই একের পর এক চ্যানেলে এক্সিট পোলের রিপোর্ট আসতে থাকে। সেখানে পাল্লা ভারী দেখা যায় তৃণমূলের। নির্বাচনে বিভিন্ন সংবাদমাধ্যমের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছিল তৃণমূল। তেমনই বেশ কিছু চ্যানেলও তৃণমূলকে এগিয়ে রেখেছে। কোনও সমীক্ষা রিপোর্টই বিজেপির ২০০ আসন পাওয়ার দাবিকে মান্যতা দেয়নি। এর থেকেই উৎকণ্ঠা বাড়ছে বিজেপি নেতাদের। তাঁরা বিভিন্ন জায়গায় ফোন করে ভোটের ফলের আভাস পাওয়ার
চেষ্টা করেন। এখন আর দু’শো পারের কথা নেই। সরকার গড়ার মতো আসন পাওয়ার আশ্বাসটুকু পেলেই খুশি।
জেলা তৃণমূলের চেয়ারম্যান তথা মন্ত্রী মলয় ঘটক বলেন, নির্বাচনের আগে বেশিরভাগ টিভি চ্যানেল বিজেপির হয়ে কথা বলেছে। তারাও তৃণমূল ক্ষমতায় ফিরছে দেখাতে বাধ্য হচ্ছে। তবে, এর থেকেও অনেক ভালো ফল করব আমরা, সেটা নিশ্চিত।

Comments
Post a Comment