নন্দীগ্রামে আক্রান্ত মমতা বন্দ্যোপাধ্যায়। পায়ে চোট লেগেছে মমতার। তাঁর দাবি, চক্রান্ত করেই তাঁকে চার পাঁচ জন মানুষ ধাক্কা মারেন।
আজ নন্দীগ্রামে থাকার কথা ছিল মমতার। কিন্তু চোট লাগার কারণে কলকাতা ফিরে আসছেন তিনি।রেয়াপাড়ায় একটি মন্দিরে পুজো দিয়ে বেরনোর সময় ধাক্কা নেরে তাঁকে চার-পাঁচজন ফেলে দেয় বলে অভিযোগ। তৃণমূল নেত্রীর মাথায়, কপালে এবং পায়ে চোট লেগেছে বলে জানা গিয়েছে। তাই প্রচার মাঝপথে বন্ধ রেখেই কলকাতায় ফিরিয়ে আনা হচ্ছে তাঁকে। গোটা ঘটনায় ষড়যন্ত্র রয়েছে বলে অভিযোগ করেছেন মমতা।
বুধবার হলদিয়ায় মনোনয়নপত্র জমা দিয়ে নন্দীগ্রামে ফিরে আসেন মমতা। সেখানে গাড়ি নিয়ে একাধিক মন্দিরদর্শন সারতে বেরিয়েছিলেন তিনি। সব শেষে রেয়াপাড়ায় যে বাড়ি ভাড়া নিয়ে রয়েছেন, সেখানকার রানিচকের একটি মন্দিরে হরিনাম-সঙ্কীর্তন শুনতে যান। সেখান থেকে বেরনোর সময়ই ভিড়ের মধ্যে থেকে তাঁকে ধাক্কা দেওয়া হয় বলে অভিযোগ সামনে এসেছে।
জানা গিয়েছে, ভিড়ের মধ্যে আচমকা ধাক্কা দেওয়ায় মুখ থুবড়ে পড়ে যান মমতা। কপালে ও মাথায় আঘাত লাগে তাঁর। আঘাত লাগে বাঁ পায়েও। সেইসময় ঘটনাস্থলে পুলিশের কেউ ছিল না।

Comments
Post a Comment