অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছিলেন অমিত শাহ (Amit Shah)। যার বিরুদ্ধে আলাদতের দ্বারস্থ হয়েছিলেন ডায়মন্ড হারবারের সাংসদ। সেই মামলাতেই এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে সমন পাঠাল বিশেষ আদালত। আগামী ২২ ফেব্রুয়ারি সকাল ১০টায় অমিত শাহ অথবা তাঁর কোনও প্রতিনিধিকে আদালতে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।
ঘটনা ২০১৮ সালের ২৮ আগস্টের। কলকাতার মেয়ো রোডের জনসভায় অভিষেকের বিরুদ্ধে তোপ দাগেন অমিত শাহ। ডায়মন্ড হারবারের সাংসদকে দুর্নীতিগ্রস্ত বলে দাবি করেন তিনি। সেই অভিযোগের প্রেক্ষিতেই শাহর বিরুদ্ধে মানহানির মামলা করেছিলেন অভিষেক। নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভযোগ উড়িয়ে দিয়ে অভিষেক দাবি করেন, তিনি ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে নির্বাচিত সাংসদ। তাঁর বিরুদ্ধে এভাবে কোনও প্রমাণ ছাড়া অভিযোগ করা কোনওভাবেই তিনি মেনে নেবেন না। এর জন্য শাহের কাছে ক্ষমা চাওয়ার দাবিও তুলেছিলেন তিনি। সেই মামলার শুনানিতেই এদিন বিধাননগরের বিধায়ক-সাংসদদের জন্য বিশেষ এমপি-এমএলএ আদালত অমিত শাহকে সমন পাঠায়। নির্দেশ দেওয়া হয়, ২২ ফেব্রুয়ারি শাহকে আদালতে হাজিরা দিতে হবে। কোনও কারণে তিনি আসতে না পারলে তাঁর কোনও প্রতিনিধিকে পাঠাতে হবে।



Comments
Post a Comment