উত্তরবঙ্গ সফরে এসে বিধানসভা ভোটের প্রচার শুরু করে দিলেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)৷ মঙ্গলবার জলপাইগুড়ি শহরে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলার তৃণমূলের ‘ঐতিহাসিক’ সমাবেশে উত্তরবঙ্গকে ঢেলে সাজানোর প্রতিশ্রুতি দিলেন৷ এদিনের সমাবেশের ভাষণের শুরুতেই তিনি আলিপুরদুয়ারে বিশ্ববিদ্যালয়ের স্থাপনের ঘোষণা করলেন৷ একই সঙ্গে দুই জেলার সংবাদমাধ্যমের কর্মীদের মন জয় করতে আলিপুরদুয়ার প্রেস ক্লাব নির্মাণের জন্য জমি দেওয়ার কথা ঘোষণা করলেন৷ অন্যদিকে, রাজবংশী ভোটারদের কথা মাথায় রেখে জলপাইগুড়ির দলীয় সমাবেশে রাজ্য পুলিশে নারায়ণী ব্যাটলিয়ন গঠনের কথা ঘোষণা করেন৷
এদিনের আসন্ন বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে দলীয় সমাবেশের ভাষণে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) নেত্রীর প্রতিটি ছত্রেই ছিল বিজেপিকে আক্রমণ৷ তিনি বলেন, ‘ওরা বলেছিল লোকসভা ভোটে জিতলে ডুয়ার্সের ৭টি চা বাগান খুলে দেবে৷ কিন্তু একটা বাগানও খুলতে পারেনি৷’ পাহাড় প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘বিজেপি ক্ষমতায় এলে গোর্খ্যাল্যান্ড করে দেওয়ার প্রতিশ্রতি দিয়েছিল৷ কিন্তু কটা গোর্খ্যাল্যান্ড করা করেছে? পাহাড়ের মানুষ ওদের ভাওতা ধরে ফেলেছে৷ পাহাড়ের স্থায়ী সমাধান আমরাই করব। দার্জিলিং-তরাই-ডুয়ার্স নিজেদের মতো করে সবসময় ভালো থাকবে।’
তিনি বিজেপিকে (BJP) আক্রমণ করে বলেন, ‘ওরা বলেছিল, সবাইকে ১৫ লক্ষ টাকা দেবে৷ কতজন পেয়েছেন আপনারা?’ উত্তরবঙ্গে লোকসভা নির্বাচনের ফলাফল নিয়ে বলতে গিয়ে মমতা আক্ষেপের সুরে বলেন, ‘এখানে আমরা একটাও আসন পাইনি৷ এতো কাজ করেও একটা আসনও না! মানুষ ওদের ভোট দিয়েছে৷ তৃণমূল কী অপরাধ করে বলুন তো? কেন আমরা একটা আসনও জিততে পারলাম না? সব আসন বিজেপি নিয়ে গেল!’
এদিন জলপাইগুড়ির (Jalpaiguri) সভা থেকে তিনি বিজেপিকে আক্রমণ করতে গিয়ে বলেন, ‘এনপিআর কি? খায় না মাথায় দেয়? বিজেপি মানেই প্রতারণা। ওদের (বিজেপির) মতো ডাকাত মানুষ আগে কখনও দেখেছে বলে মনে হয় না। মানুষে-মানুষে ভাগাভাগি করে রাজনীতির মাটি গরম করাই ওদের (বিজেপির) লক্ষ্য।’

Comments
Post a Comment