শুক্রবার এক বিবৃতির মাধ্যমে প্রধানমন্ত্রীর (Narendra Modi) সমালোচনার পাল্টা জবাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি বলেন, ‘লক্ষ লক্ষ কৃষক নতুন আইনের বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছেন। প্রধানমন্ত্রী অর্ধসত্য বলছেন, মানুষকে বিভ্রান্ত করতে চাইছেন।’
আজ দেশের কৃষকদের সঙ্গে ভার্চুয়াল কনফারেন্স করেন নরেন্দ্র মোদি। সেখানে প্রধানমন্ত্রী দাবি করেন, রাজ্যের রাজনীতির শিকার হতে হচ্ছে পশ্চিমবঙ্গের কৃষকদের।
মমতা এদিনের বিবৃতিতে পাল্টা অভিযোগ করেন, রাজনীতি করছে কেন্দ্রই। তিনি বলেন, ‘আমি নিজে দু’দিন আগে সংশ্লিষ্ট মন্ত্রীর সঙ্গে কথা বলেছি। কিন্তু কেন্দ্র রাজনৈতিক স্বার্থে অসহযোগিতা করছে।’
ভার্চুয়াল কনফারেন্স সরাসরি তৃণমূল সরকারের দিকে অভিযোগের আঙুল তুলে প্রধানমন্ত্রী বলেন, ‘সব রাজ্য টাকা পায়, শুধু পায় না বাংলা। রাজ্যের কৃষক ভাইয়েরা যোজনার টাকা পাচ্ছেন না।’
সেই প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী বলেন, ‘আমরা কেন্দ্রের সঙ্গে যৌথভাবে বহু প্রকল্প রূপায়ন করছি। সেখানে একটা প্রকল্প নিয়ে প্রশ্ন তোলা অবান্তর'।
মুখ্যমন্ত্রীর অভিযোগ, ‘সমস্ত নিয়মকানুন ভেঙে রাজনীতি করছে কেন্দ্র। রাজ্যকে সাহায্য করতে কেন্দ্র কিছুই করেনি।’
তিনি বলেন, ‘সত্যিই সাহায্য করতে চাইলে বকেয়া অর্থ দিন। কেন্দ্রের ভূমিকা যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পরিপন্থী।’

Comments
Post a Comment