‘এর ওর সাথে বোঝাপড়া বরদাস্ত নয়’ – বিক্ষুব্ধদের কড়া বার্তা মমতার


একুশের নির্বাচনের আগে ফের একবার দলের কর্মীদের কড়া বার্তা দিলেন মমতা। দলের বিক্ষুব্ধ কর্মীদের বুঝিয়ে দিলেন, ‘বিদ্রোহ’ বরদাস্ত নয়। দলবিরোধীদের স্পষ্ট ভাষায় মমতা বুঝিয়ে দিলেন, বিজেপির সঙ্গে আঁতাঁত করলে তৃণমূলে তাঁদের কোনও জায়গা নেই।

আজ জলপাইগুড়ির জনসভা থেকে মমতা (Mamata Banerjee) হুঁশিয়ারি দেন, দশ বছর সরকারে থেকে নির্বাচনের সময় এর সঙ্গে ওর সঙ্গে বোঝাপড়া যাঁরা করে আমি তাঁদের বরদাস্ত করি না।

এদিন তিনি তোপ দেগে বলেন, “যাঁরা এই ১০ বছর ৩৬৫ দিন মানুষের সঙ্গে ছিলেন তাঁদেরই পরীক্ষায় বসতে হবে।” অর্থাৎ যাঁরা গত দশ বছর মমতার সঙ্গে চলেছেন, দলের অনুগত সৈনিক তাঁরাই এবার নির্বাচনে জোড়াফুলের প্রতীকে দাঁড়াবেন। যাঁরা বেসুরো তাঁদের নির্বাচনে টিকিট দেওয়া হবে না, তা ঠারেঠোরে বুঝিয়ে দিলেন তৃণমূলনেত্রী।

সেইসঙ্গে তিনি আরও বলেন, আমার তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) কর্মীরাই দলের সম্পদ। জনগণই মাথায় তুলে রাখবে যদি আপনারা ভাল কাজ করেন। যদি কোনও ভুলত্রুটি করে থাকেন নিজেদের সংশোধন করে নেবেন। তাহলে মানুষের কাছে মাথা পেতে ক্ষমা চেয়ে নেবেন। মনে রাখবেন, মানুষের কাছে ক্ষমা চাইলে কোনও অপরাধ হয় না। মানুষই আমাদের সবচেয়ে বড় অভিভাবক।

দলীয় কর্মীদের তিনি বার্তা দিলেন, “পুরনো-নতুন মিলে কাজ করুন। এ বড় না বি বড় বা সি বড় সেটা দেখার দরকার নেই। যুদ্ধ যখন আসে তখন যুদ্ধ জয় করাটাই সবচেয়ে বড় লক্ষ্য হয়ে দাঁড়ায়।”

অর্জুনের লক্ষ্যভেদের কথা স্মরণ করিয়ে দিয়ে দলনেত্রী রণহুঙ্কার দিয়ে বলেন, “আপনাদের লক্ষ্য হবে বিজেপি (BJP) নামক পার্টিটাকে বাংলা থেকে দূর করে দেওয়া। আগামিদিনে বাংলাই পথ দেখাবে।

Comments