লকডাউনের আগেই তৃণমূলের রাজ্য স্তরের একজন মুখপাত্র কার্যত ফেসবুকে বিস্ফোরণ ঘটিয়ে ঘোষণা করে দিয়েছিলেন যে ৪জন বিজেপির সাংসদ তৃণমূলে যোগ দেবেন ২১শের আগে। তারপর থেকে একে একে বিভিন্ন জেলায় শুরু হয়েছে বিজেপি থেকে তৃণমূলে যোগদানের কর্মসূচি।
গোষ্ঠীদন্ডে জেরবার বিজেপি ঘর গোছানোর চেষ্টায় থাকলেও জেলা সভাপতি থেকে বিধায়ক, বিভিন্ন সংগঠনের সভাপতিরা ধীরে ধীরে ঘাসফুল শিবিরে নাম লেখানোর প্রস্তুতি সেরে ফেলেছে। তৃণমূলের হয়ে টিম পিকে অর্থাৎ আইপ্যাক নামক সংস্থাও লেগে রয়েছে এই দল ভাঙ্গনের খেলায়।
এমতাবস্থায় আগেই ৪জন সাংসদের নাম নিয়ে জল্পনায় নিশীথ প্রামানিক সহ বহু মুকুলপন্থী সাংসদের নাম উঠে এসেছিল শিরোনামে। এবার কি তাহলে সেই পথেই এগোচ্ছে নিশীথ? নয়া সমীকরণ নিয়েই উত্তরবঙ্গে জল্পনার পারদ চড়ছে।
এই জল্পনার মধ্যেই তৃণমূল বিধায়কের বাড়িতে আকস্মিক বিজেপি সাংসদ নিশীথ প্রামানিকের আগমন ঘিরে উত্তরবঙ্গ উত্তাল। তাহলে কি সত্যিই ২১শের আগে খেলা ঘুরছে?
কোচবিহার জেলায় তৃণমূলের বিধায়ক মিহির গোস্বামীর বাড়িতে হটাৎ দেখা মিলল নিশীথ প্রামানিকের। নিশীথ প্রামানিক কি তৃণমূল আসছেন, এই প্রশ্ন দুজনেই এড়িয়ে গেলেও নিশীথ প্রামানিক এদিন বলেছেন “মিহিরবাবুর সঙ্গে আমার সম্পর্ক দীর্ঘদিনের। আজ কোনও রাজনৈতিক কথা হয়নি। একেবারেই ব্যাক্তিগত কারণেই দেখা করা।”
বেশ কিছুদিন ধরে মিহির বাবুকেও দলের থেকে দূরত্ব বজায় রাখতে দেখা গিয়েছিল, এবার প্রশ্ন উঠছে যে তাহলে কি বিজেপির মাছ ধরতে এই নতুন চালে ছিপ ফেলেছিল তৃণমূল ? নাকি মিহির বাবু নিজে 'বিক্ষুব্ধ' হয়ে নিশীথের সঙ্গে পা মেলাবেন।
তবে উত্তরবঙ্গের হওয়া কিন্তু নিশীথের তৃণমূলে আগমনের কথাই শোনাচ্ছে। আগামী দিনে রাজনৈতিক সমীকরণ কেমন হয় তা নিয়ে না হয় আরেকটি প্রতিবেদন লেখা যেতে পারে।

Comments
Post a Comment