৫৭টি আসনই খেলা ঘুরিয়ে দেবে বিহারে, নীতীশ না তেজস্বী কার মাথায় উঠবে তাজ
বিহারের তাজ কার মাথায় উঠবে? নীতীশ কুমার নাকি তেজস্বী যাদব- কে হবেন বিহারের মুখ্যমন্ত্রী! অধিকাংশ জনমত সমীক্ষাই নীতীশ কুমারকে এগিয়ে রেখেছে। কিন্তু ৫৭টি আসনের খাঁড়া ঝুলছে তাঁর উপর। ওই ৫৭টি আসনই সব হিসেবে নিকেশ উল্টে দিতে পারে। নীতীশের বিজয়রথ রুখে তেজস্বী হয়ে উঠতে পারেন কুর্সির দাবিদার।
বিভিন্ন সমীক্ষায় আভাস, ক্রমেই জমি ফিরে পাচ্ছেন তেজস্বী। তাঁর পারিবারিক সমস্যা কাটিয়ে তিনি ফের অখণ্ড আরজেডির মুখ হয়ে উঠেছেন। লালুপ্রসাদ যাদবের উত্তরসূরি হিসেবে ভোট ময়দানে আবার নীতীশকে কড়া টক্কর দিতে তাই তৈরি তেজস্বী। দ্রুত তিনি চ্যালেঞ্জার হয়ে উঠেছেন নীতীশের।
বিহারে নীতীশের জয় স্রেফ সময়ের অপেক্ষা বলেই মনে করছেন অধিকাংশ বিশেষজ্ঞই। বাস্তবিক ক্ষেত্রে তা কিন্তু নয়। উভয়ের জোটের মধ্যে পার্থক্য মাত্র ৩ শতাংশ। তার মধ্যে আবার এমন ৫৭টি আসন রয়েছে যা দুই শিবিরের যে কেউ জিততে পারে। আর যে-ই জিতুক ব্যবধান থাকবে অতি সামান্য। ফল্য ফ্যাক্টর হবে ৫৭ আসনের জয় পরাজয়।
সমীক্ষক সংস্থা সি ভোটার দেখিয়েছে, এই ৫৭টির বেশিরভাগই এগিয়ে রয়েছে শাসক শিবির অর্থাৎ নীতীশের নেতৃত্বাধীন বিজেপি-জেডিইউ জোট। আর আভাস রয়েছে এই ৫৭টি আসন যে কোনও মূহূর্তে খেলা ঘুরিয়ে দিতে পারে। ফলে তেজস্বীর যেভাবে উত্তরণ ঘটেছে শেষ মূহূর্তে, তাতে তিনি ম্যাজিক দেখিয়েও দিতে পারেন।
উপরের দুই সমীক্ষা রিপোর্ট সামনে আসার পর এটা পরিষ্কার তেজস্বী বাম-কংগ্রেসকে নিয়ে জমি ফিরে পাচ্ছে বিহারে। তিনি নীতীশকে কড়া টক্কর দেওয়ার অবস্থায় চলে গিয়েছেন। পরোক্ষে প্রমাদ গুনছে শাসক শিবির। সমীক্ষায় জয়ের ইঙ্গিত সত্ত্বেও ঘুম চলে যাওয়ার জোগাড় হয়েছে নীতীশ কুমারের।
তেজস্বী যাদব পরিবারকে এক করে তিনি ঝাঁপিয়েছেন একেবারে শেষ মুহূর্তে। তিনি সাধ্যমতো চেষ্টা করছেন কংগ্রেসকে নিয়ে বিজেপি-জেডিইউ জোটকে লড়াই দিতে। আর এই লড়াইয়ে নেমেই তিনি বেকারত্বকে প্রধান ইস্যু করেছেন। প্রতিশ্রুতি দিয়েছেন সরকারে এলে ১০ লক্ষ চাকরি দেওয়ার।
তেজস্বীর এই জোড়া ফলায় ভর করেই শেষ মুহূর্তে বিহারের লড়াই জমে উঠেছে। সম্প্রতি দুই জনমত সমীক্ষা নীতীশের জয়ের আভাস দিলেও, তারা দেখিয়েছে বিহারে কাঁধে কাঁধ মিলিয়ে লড়বে এবার তেজস্বীর আরজেডি-কংগ্রেস-বামেদের জোট। সমীক্ষক সংস্থা সি ভোটার দুই সংবাদমাধ্যমের সঙ্গে সমীক্ষা করে দেখিয়ে দিয়েছে তেজস্বীর উত্থান।
এবিপি-সি ভোটারের সমীক্ষা দেখিয়েছে বিজেপি-জেডিইউ পেতে পারে ১৩৫ থেকে ১৫৯ আসন। আর টাইমস নাউ-সি ভোটারের সমীক্ষা দেখিয়েছে নীতীশ কুমারের নেতৃত্বাধীন জোট পাবে ১৪৭ আসন। পক্ষান্তরে দুই সমীক্ষার ফলে দেখা গিয়েছে তেজস্বীর নেতৃত্বাধীন মহাজোট পেতে পারে যথাক্রমে ৭৭ থেকে ৯৮টি আসন এবং ৮৭টি আসন।

Comments
Post a Comment