পদ খোয়াতে চলেছেন দিলীপ ঘোষ? এই জল্পনাই এখন মুরলীধর সেন লেনের আনাচে কানাচে। কিছুদিন আগেই দিলীপের আপত্তিতে আমল না দিয়ে সুব্রত চট্টোপাধ্যায়কে বিজেপির সাধারণ সম্পাদক (সংগঠন) পদ থেকে সরিয়ে দেওয়া হয়। এবার কোপে পড়তে চলেছেন স্বয়ং রাজ্য সভাপতি। এমনটাই খবর বিজেপি সূত্রে।
দীর্ঘদিন ধরেই সুব্রত চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে একের পর এক অভিযোগ যাচ্ছিল কেন্দ্রীয় নেতৃত্বের কাছে। তাঁর অপসারণ নিয়ে গতবছর থেকেই চলছিল জল্পনা। কিন্তু সুব্রতবাবুর ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি। অতিসম্প্রতি দিল্লিতে দলের বৈঠকে সুব্রত চট্টোপাধ্যায়ের হয়ে সওয়াল করেন দিলীপ ঘোষ। সূত্রের খবর, বৈঠকে রাজ্য সভাপতি হুঁশিয়ারি দেন, সুব্রত চট্টোপাধ্যায়কে সরানো হলে তিনি ইস্তফা দেবেন। কিন্তু দিলীপের হুঁশিয়ারিকে পাত্তা দিলেন না বিজেপির সর্বভারতীয় সভাপতি।
দিলীপ ঘোষের কারণে ইতিমধ্যেই বারংবার অস্বস্তিতে পড়েছে রাজ্য বিজেপি। করোনা থেকে গরুর দুধে সোনার হদিশ, কিংবা বিরোধীদের পেটানোর নিদান - দিলীপের বাচালতার কারণে বিজেপির প্রতি জনমানসে বিরূপ প্রতিক্রিয়া পড়ছে। তার ওপর, দিলীপ-মুকুল দ্বৈরথের কথা সর্বজনবিদিত। গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার গেরুয়া শিবির। আর গত বছর খাস দিলীপ গড়ে বিধানসভা উপনির্বাচনে গো-হারা হেরেছে বিজেপি।
তবে, বিধানসভা নির্বাচনের প্রাক্কালে সভাপতি বদল হলে আরও বিব্রত হবে গেরুয়া দল। এমনিতেই দলে একাধিক 'মাথা'। কার নেতৃত্বে দল ভোটে লড়বে তা নিয়েও দ্বন্দ্ব অব্যাহত। তাই, ২০১৯ এর ফল সত্ত্বেও, একুশের আগে ব্যাকফুটে বিজেপি।

Comments
Post a Comment