শুরু হলো 'দিদির রান্নাঘর' - মাত্র ৫টাকায় ভরপেট খাবার পৌঁছাবে তৃণমূল


কোভিড পরিস্থিতির মধ্যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বারবারই আবেদন করেছেন, গরিব, অসহায় মানুষদের পাশে সকলে মিলে দাঁড়ান। তাঁদের অভাব-অভিযোগের কথা শুনুন। অল্প পয়সায় তাঁরা যাতে খেতে পারেন সেই ব্যবস্থাও করুন। ব্যারাকপুর ও টিটাগড় দুই পুরসভা মিলে বি এন বোস হাসপাতালের কাছে '‌দিদির রান্নাঘর'‌ নাম দিয়ে খাবারের ব্যবস্থা করেছে। মিলের দাম ৫ টাকা। ভাত, ডাল, সবজি। কোনও দিন ডিম, কোনও দিন মাছ, সপ্তাহে একদিন মাংস দেওয়া হবে।

১ অক্টোবর থেকে '‌দিদির রান্নাঘর'‌ চালু হয়ে যাচ্ছে। আপাতত চলবে ৩১ অক্টোবর পর্যন্ত। মানুষের কাছে কতটা পৌঁছনো গেল, মানুষ কীভাবে গ্রহণ করল সে সব দেখেই '‌দিদির রান্নাঘর'‌ আরও বেশিদিন চালানো হবে। ব্যারাকপুর পুরসভার চেয়ারম্যান উত্তম দাস বলেন, '‌পরীক্ষামূলকভাবে আমরা এই রান্নাঘর শুরু করতে চলেছি। এলাকার সমস্ত ক্লাবের সঙ্গে আলোচনা করে টিটাগড় পুরসভাকে নিয়ে একটি সমন্বয় কমিটি তৈরি করা হয়েছে। প্যাকেটে খাবার বিতরণ করা হবে। প্রথমে আমরা কিছু প্যাকেট বিভিন্ন ওয়ার্ডে পাঠিয়ে দেব। ওয়ার্ডের কো-অর্ডিনেটররা সেই প্যাকেট ৫ টাকার বিনিময়ে তুলে দেবে গরিব মানুষের হাতে। বি এন বোস হাসপাতালের কাছে মূল রান্নাঘর থেকেও আমরা কিছু প্যাকেট বিতরণ করব। দিদি আমাদের সকলের ভরসা। তাঁর ছবিও দেওয়া হয়েছে।'‌

'‌দিদির রান্নাঘর'‌ শুরু হচ্ছে জেনে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস সোশ্যাল মিডিয়ায় এই খবরটি ছড়িয়ে দিয়েছে। অভিনব এই উদ্যোগকে দল সমর্থন করছে বলেও জানানো হয়েছে। সারা বাংলায় '‌দিদির রান্নাঘর'‌ চালু করার কথা ভাবা হচ্ছে। নির্দিষ্ট কোনও বিধানসভা, কোনও ব্লক কিংবা ওয়ার্ডে এটা যে করতেই হবে সে-ব্যাপারে কোনও বাধ্যবাধকতা নেই। ব্যারাকপুরে চালু হচ্ছে, পরবর্তিকালে মধ্যমগ্রাম, খড়দা, টিটাগড়েও চালু হতে পারে। অগ্রাধিকার দেওয়া হবে এলাকার মানুষদের।
ইতিমধ্যে বেহালায় দলের মহাসচিব পার্থ চ্যাটার্জির উদ্যোগে '‌বেহালার হেঁশেল'‌ চালু হয়েছে। এখান থেকে ১০ টাকায় খাবারের প্যাকেট পাওয়া যাচ্ছে। সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত কুপন দেওয়া হচ্ছে। এই কুপন সংগ্রহ করে অনেকেই খাবারের প্যাকেট নিয়ে যাচ্ছেন। রাজ্যের বিভিন্ন জায়গায় এই কোভিড পরিস্থিতির মধ্যে মানুষের পাশে দাঁড়াতে যৌথ রান্নাঘর হয়েছে। মূলত এলাকার দলের নেতা ও কর্মীরা এই যৌথ রান্নাঘর চালাচ্ছেন। পরবর্তিকালে আরও বেশি করে এই রান্নাঘর তৈরি করা হবে।

Comments