২০২১-এর লক্ষ্যে বাজিমাত করতে প্রশান্ত কিশোরের পরিকল্পনায় ইউথ ইন পলিটিক্সের ঘোষণা করা হয়েছিল আগে। মূলত উত্তরসূরীদের খুঁজে বের করতে এই পরিকল্পনা। যা কার্যত সফল। এই কর্মসূচির অঙ্গ হিসেবে এদিন রাজ্য জুড়ে প্রায় ৪ লক্ষ যুবক তৃণমূলে যোগ দিচ্ছেন বলে জানা গিয়েছে।
২০১৯-এ লোকসভা নির্বাচনে বিজেপির কাছে ধাক্কা খাওয়ার পর প্রশান্ত কিশোরের প্রয়োজন হয়ে পড়ে ঘাসফুল শিবিরে। তৃণমূলের সঙ্গে যুক্ত হয়ে প্রশান্ত কিশোর ইউথ ইন পলিটিকস কর্মসূচির মাধ্যমে যুবক সমাজকে রাজনীতিতে যোগদানের জন্য আহ্বান করেন। যা বেশ সাড়া ফেলে বলে দাবি তৃণমূল শিবিরের। এদিন এঁরাই আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগ দিচ্ছেন।
এদিন ছটি জেলা থেকে এই যোগদান পর্ব চলছে। উত্তর ২৪ পরগনার দায়িত্বে রয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক এবং দেবরাজ চক্রবর্তী, দক্ষিণ ২৪ পরগনায় শুভাশিস চক্রবর্তী, পূর্ব মেদিনীপুরে শিবির অধিকারী, নদিয়ায় মহুয়া মৈত্র, হুগলিতে দিলীপ যাদব এবং হাওড়া গ্রামীণে লক্ষ্ণীরতন শুক্লা।
২১ জুলাইয়ের ভার্চুয়াল সভার মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় আবেদন জানিয়েছিলেন, যাঁরা তৃণমূল ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন, তাঁদের ফিরে আসার জন্য। তারপর থেকেই অনেকেই তৃণমূলে ফিরছেন কিংবা ফিরে এসেছেন।
তবে শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বানই নয়, পিকের টিমও জেলায় জেলায় কাজ করছে বিরোধী শিবিরে যাঁরা শুদ্ধ আছেন, তাঁদের তুলে আনতে। এব্যাপারে বেশ কিছু সাড়াও পাওয়া গিয়েছেন বলে সূত্রের খবর।

Comments
Post a Comment