রাজ্যে বাড়ল লকডাউন - ঘোষণা হলো পূর্ণ লকডাউনের তারিখ। দেখুন বিস্তারিত

 


৭, ১১ ও ১২ সেপ্টেম্বর পূর্ণাঙ্গ লকডাউন রাজ্যে, ২০ সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ স্কুল কলেজ – ঘোষণা মমতার

আগস্ট মাসে যে ভাবে নির্দিষ্ট দিনে পূর্ণ লকডাউন হয়েছে, তেমনই চলবে সেপ্টেম্বরেও। বুধবার নবান্নে এ কথা জানিয়ে আপাতত তিনটি দিন ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বুধবার নবান্ন থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘সেপ্টেম্বরের ৭, ১১ ও ১২ তারিখ লকডাউন জারি থাকবে রাজ্যে। পরবর্তীতে পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে যে, আর লকডাউন জারি করা হবে কি না। করা হলে পরে তারিখ ঘোষণা করা হবে।’ পাশাপাশি এদিন মুখ্যমন্ত্রী বলেন, সপ্তাহে তিনদিন করে বিমান চালু করা যেতে পারে। মেট্রো পরিষেবা চালুর ক্ষেত্রেও ইতিবাচক ইঙ্গিত দেন তিনি। বলেন, ‘সমস্ত নিয়ম মেনে ধীরে ধীরে এবার মেট্রো চালানোর কথা ভাবা যেতে পারে’ একইভাবে লোকাল ট্রেনের বিষয়েও আলাপ আলোচনার মাধ্যমে ধীরে ধীরে পরিষেবা শুরু করার কথা বলেন মুখ্যমন্ত্রী।

প্রসঙ্গত, করোনা সংক্রমণ রুখতে মার্চের শুরুতেই লকডাউন জারি হয়েছিল দেশে। স্তব্ধ হয়ে গিয়েছিল বাংলাও। জুন থেকে ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে জনজীবন। খোলে অফিস-কাছারি। রাস্তায় নামে বাস-অটো-ট্যাক্সি। কিন্তু সেই আনলক পর্যায়ে বাংলায় একধাক্কায় অনেকখানি বেড়েছিল সংক্রমণের হার। সেই কারণ রাজ্যের তরফে ফের লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়। স্থির করা হয়, প্রতি সপ্তাহের নির্দিষ্ট দিনে রাজ্যে জারি থাকবে কমপ্লিট লকডাউন।

Comments