‘জয় শ্রী রাম’ না বলায় তৃণমূল কর্মীকে মারধর, বাড়ি ভাঙচুর, অভিযুক্ত বিজেপি কর্মীরা

kolkata news

‘জয় শ্রী রাম’ না বলায় তৃণমূল কর্মীকে মারধর করে তাঁর বাড়ি ভাঙচুর করা হল। দমদম মাঠকলের ঝিল অ্যাভিনিউয়ের বাসিন্দা ওই তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ ওঠে বিজেপি’র বিরুদ্ধে। এমনকী তার বৃদ্ধ বাবাও ছাড় পাননি। ভাঙচুর করা হয় বাড়ি। এই ঘটনাতে অভিযোগের তির বিজেপি’র দিকে। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, শনিবার সকালে প্রতিদিনের মতো ঝিল অ্যাভিনিউয়ের বাসিন্দা তৃণমূল কর্মী শুভঙ্কর তালুকদার পাড়ার চায়ের দোকানে গিয়েছিলেন। সেখানে তাঁকে বেশ কয়েকজন ‘জয় শ্রী রাম’ বলতে বলে। তবে সে কথা বলতে চাননি ওই তৃণমূল কর্মী।

সেই ‘অপরাধে’ তৃণমূল কর্মীকে বেধড়ক মারধরের অভিযোগ ওঠে বিজেপিতে আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। স্থানীয় সূত্রে আরও খবর, সকালের বচসা চায়ের দোকানেই মিটে যায়। কথাবার্তা শেষ করে বাড়িও চলে যান প্রত্যেকে। অভিযোগ, সন্ধ্যায় হঠাৎই স্থানীয় কয়েকজন বিজেপিতে আশ্রিত দুষ্কৃতী ওই তৃণমূল কর্মীর বাড়িতে চড়াও হয়। বাড়িতে ব্যাপক ভাঙচুর চালায় তারা। এমনকী শুভঙ্করবাবুর বৃদ্ধ বাবাকে বেধড়ক মারধর করা হয় বলেও অভিযোগ।

প্রতিবেশীরা জড়ো হয়ে গেলে ওই দুষ্কৃতীরা ঘটনাস্থল ছেড়ে চলে যায়। যদিও গেরুয়া শিবিরের পাল্টা দাবি, শুভঙ্করের বাড়িতে অসামাজিক কাজকর্ম হয়। তাতে বাধা দেন স্থানীয়রা। স্থানীয়রাই ওই তৃণমূল কর্মীর বাড়িতে ভাঙচুর চালায়। শনিবার রাতেই ওই তৃণমূল কর্মী দমদম থানায় অভিযোগ দায়ের করেন। তবে এখনও কেউ এই ঘটনায় গ্রেফতার হয়নি। পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে।

Source Mahanagar 24x7


Comments