বিজেপি ছেড়ে ফেরার কথা ভাবছেন বিপ্লব!
লোকসভা নির্বাচনের পর অর্পিতা ঘোষকে দক্ষিণ দিনাজপুর জেলা সভাপতির দায়িত্ব দিতেই বিপ্লব মিত্র তৃমমূলে পাত্তাড়ি গুটিয়ে যোগ দিয়েছিলেন বিজেপিতে। কিন্তু বিজেপিতে গিয়ে তিনি সুখে নেই। এই ক'দিনেই তাঁর মোহভঙ্গ হয়েছে বিজেপিতে। তিনি বিজেপিতে গিয়ে তৃণমূলকে তেমন কোনও বেকায়দায় ফেলতেও পারেননি।
বিপ্লবের ফেরা নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য নতুন সভাপতির
এখন বিপ্লব মিত্র তৃণমূলে ফিরবেন কি না, সেটা তাঁর ইচ্ছার ব্যাপার। এ ব্যাপারেই প্রশ্ন করা হয়েছিল জেলার নতুন সভাপতি গৌতম দাসকে। গৌতমবাবু তাঁর কথায় জল্পনা বাড়িয়ে দিয়েছেন। তিনি বলেন, বিপ্লববাবু তৃণমূলে ফিরতেই পারেন, তবে তা রাজ্যের ব্যাপার, রাজ্যের সিদ্ধান্ত। এ ব্যাপারে আমি তো কোনও সিদ্ধান্ত নেব না।
কারও একার কথায় দল চলবে না!
এদিন গৌতমবাবু স্পষ্টই জানিয়ে দিয়েছেন, তাঁর একার কথায় দল চলবে না। সবাইয়ের সঙ্গে আলোচনা করেই দল চালানো হবে। জেলার যেকোনও দলীয় কর্মসূচি হোক বা বড় কোনও সিদ্ধান্ত তা যৌথভাবেই নেওয়া হবে। এদিন জেলার চেয়ারম্যান শঙ্কর চক্রবর্তীকে পাশে বসিয়ে তিনি এই বার্তা দেন। তিনি স্পষ্ট করে দেন, কারও একার কথায় দল চলবে না।
গোষ্ঠীদ্বন্দ্বে লাগাম পরানোই লক্ষ্য গৌতমের
তিনি এদিন প্রত্যেকের উদ্দেশ্যেই বলেন, সবাইকে এক হয়ে কাজ করতে হবে। সকলকে অনুগত সৈনিক হয়ে কাজ চালিয়ে যেতে হবে দলের স্বার্থে। দলের স্বার্থই সবার আগে। ব্যক্তিগত স্বার্থে কোনও কাজ করা যাবে না।
Source - One India

Comments
Post a Comment