মা–বাবা রয়েছে জেলে। অভিভাবকের অপেক্ষায় বাড়িতে একা রয়েছে ১৪ মাসের মেয়ে আয়রা। সিএএ নিয়ে গোটা দেশ উত্তাল। গত বৃহস্পতিবার উত্তরপ্রদেশের বারাণসীতে সিএএ বিরোধী মিছিলে অংশ নিয়েছিলেন আয়রার মা–বাবা। দু’জনেই সমাজসেবী। বারাণসী পুলিশ গত বৃহস্পতিবার ৬০ জনেরও বেশি আন্দোলনকারীকে গ্রেপ্তার করেছে। যাদের মধ্যে আছেন একতা ও রবি শেখর। ছোট আয়রার মা–বাবা। দু’জনেই একটি স্বেচ্ছাসেবী সংগঠন চালান। যে সংগঠন বায়ু দূষণ নিয়ে কাজ করে।
গত ১৯ ডিসেম্বর বিক্ষোভে অংশ নেওয়ায় পুলিশ তুলে নিয়ে গেছে একতা ও রবি শেখরকে। আপাতত জেলে রয়েছেন তাঁরা। আর বাড়িতে মা–বাবার অপেক্ষায় একা ১৪ মাসের শিশুকন্যা আয়রা। এখন অবশ্য আত্মীয়রা ছোট্ট আয়রার দেখভাল করছে। পরিবারের বাকি সদস্যরা একতা ও রবি শেখরের জামিনের জন্য দৌঁড়ঝাঁপ করছেন। প্রয়োজনে আইনি পদক্ষেপ নেওয়া হবে পরিবারের তরফে। রবি শেখরের মা শীলা তেওয়ারি বলেছেন, ‘আমার সন্তান কোনও অপরাধ করেনি। তাহলে কেন পুলিশ গ্রেপ্তার করল? শান্তিপূর্ণভাবে বিক্ষোভ চলছিল। কেউ ভাবছে মা–বাবাকে ছাড়া ছোট্ট শিশু কীভাবে রয়েছে? ছোট্ট আয়রা কিছু খাচ্ছে না। সারাক্ষণ মা–বাবার খোঁজ করছে।’ পুলিশ অবশ্য দাবি করেছে, আইন ভাঙার জন্যই গ্রেপ্তার করা হয়েছে বিক্ষোভকারীদের।
source - aajkal
Comments
Post a Comment