মুখ্যমন্ত্রী নীতীশ কুমার শুক্রবারই ঘোষণা করেছিলেন বিহারে এনআরসি হবে না। কিন্তু তাতে আশ্বস্ত হয়নি এনআরসি-সিএএ ইস্যুতে আতঙ্কিত রাজ্যবাসী। শনিবার সকাল থেকেই সিএএ-এনআরসি-র প্রতিবাদে বিহার বন্ধ-এর ডাক দিয়েছে আরজেডি। পাটনায় তেজস্বী যাদবের নেতৃত্বে বিক্ষোভ মিছিল হয়।
পাটনা, ভাগলপুর সহ রাজ্যের বিভিন্ন জেলায় পথ এবং রেল অবরোধ করে বন্ধ সমর্থকরা। ভাগলপুরে অটোরিক্শায় ভাঙচুর চালায় তারা। আরজেডি-র বন্ধকে সমর্থন জানানো শ্রমিক সংগঠন বিকাশশীল ইনসান পার্টি বা ভিআইপি-র সদস্যদের বিক্ষোভ মিছিল পাটনায় ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করে। রাস্তায় টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে বন্ধ সমর্থকরা।
দ্বারভাঙায় বিক্ষোভকারীদের তাণ্ডবে থমকে যায় দ্বারভাঙা-দিল্লি সম্পর্কক্রান্তি সুপারফাস্ট এক্সপ্রেস। ট্রেন অবরোধ হয়েছে পাটনার কুমরার, আরা, জাহানাবাদ এবং হাজিপুরে। বৈশালি জেলায় রাস্তায় মহিষ দাঁড় করিয়ে পথ অবরোধ করা হয়। শুক্রবারই তেজস্বী রাজ্যবাসীকে আবেদন করেছিলেন নাগরিকত্ব আইনের প্রতিবাদে হওয়া এই বন্ধ-কে তাঁরা যেন সমর্থন করেন।
বন্ধের বিরোধিতায় শাসকদল জেডিইউ-র নেতা সঞ্জয় সিং এদিন বলেছেন, মুখ্যমন্ত্রী যখন সাফ বলে দিয়েছেন বিহারে এনআরসি কোনওমতেই হবে না তখন আরজেডি-র এই বন্ধ অপ্রয়োজনীয়। যদিও গয়ার এসএসপি রাজীব মিশ্র বলেছেন, তিনি তাঁর জেলার বিক্ষোভকারীদের আবেদন করেছেন গণতান্ত্রিকভাবে শান্তিপূর্ণ আন্দোলন করতে।
ছবি: এএনআই
source- ajkal
Comments
Post a Comment