নাগরিকত্ব আইনের প্রতিবাদে মমতার লাগাতার কর্মসূচি ঘোষণা, কোথায়-কবে আন্দোলন

Image may contain: 12 people, people smiling, people standing and outdoor
নয়া নাগরিকত্ব আইনের প্রতিবাদে আন্দোলন জারি রাখছে তৃণমূল কংগ্রেস। সেই লক্ষ্যে এই প্রতিবাদকে বাংলা জুড়ে ছড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার তিনি আগামী দিনের ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করলেন। তিনি বলেন, সোমবার থেকে ফের জনজীবন চালু রেখে জেলায় জেলায় শান্তিপূর্ণ আন্দোলনে নামবে তৃণমূল।


1
২৩ থেকে ২৬ যে পথে আন্দোলন

মমতা জানান, ২৩ ডিসেম্বর প্রত্যেক মহকুমায় প্রতিবাদ মিছিল করবে তৃণমূল কংগ্রেস। ২৪ ডিসেম্বর কলকাতায় প্রতিবাদ মিছিল হবে। সিমলা রোড থেকে মিছিল শুরু হবে, শেষ হবে বেলেঘাটায়। ২৬ ডিসেম্বর তৃণমূলের শ্রমিক সংগঠন প্রতিবাদ মিছিল করবে। দমদম থেকে কামারহাটি পর্যন্ত এই মিছিল সংঘটিত হবে।

2
২৭ থেকে ২৯ আন্দোলনের অভিমুখ
মুখ্যমন্ত্রীর ঘোষণা করেন ২৭ ডিসেম্বর সিঙ্গুর থেকে কৃষকরা মিছিল করবে। সিঙ্গুর থেকে তারকেশ্বর পর্যন্ত এই মিছিল হবে। ২৮ ও ২৯ ডিসেম্বর রাজ্যের সবকটি বিধানসভায় মিছিল করবে তৃণমূল। এরপর ১ জানুয়ারি তৃণমূলের প্রতিষ্ঠা দিবসের প্রস্তুতি চলবে দু'দিন ধরে। মুখ্যমন্ত্রী বলেন, ১ জানুয়ারি তৃণমূলের প্রতিষ্ঠা দিবসকে নাগরিক দিবস হিসেবে উদযাপন করা হবে।

3
গর্জে উঠুন সবাই গণতান্ত্রিক পথে
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, নয়া নাগরিকত্ব আইনের প্রতিবাদে গর্জে উঠুন সবাই। কিন্তু সেই প্রতিবাদ হোক গণতান্ত্রিক পথে, জনজীবন চালু রেখে। শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যেতে হবে। কোন প্ররোচনায় পা দেবেন না, কেউ ভাঙচুর করবেন না, আগুন লাগাবেন না, হিংসা ছড়াবেন না।

4
কালা কানুন প্রত্যাহার করতে হবে
মমতা বলেন, গণতান্ত্রিক পথে আন্দোলনকে এমন পর্যায়ে পৌঁছে দিতে হবে যাতে এই কালা কানুন প্রত্যাহার করতে বাধ্য হয় কেন্দ্র। তাই গায়ের জোরে নয়, বন্দুক হাতে তুলে নয়, শান্তিপূর্ণ পথে এই আন্দোলনকে ছড়িয়ে দিতে হবে বাংলার জেলায় জেলায়, ব্লকে ব্লকে, গ্রামে-গঞ্জে।

source - Oneindia

Comments