নাগরিক সংশোধনী আইন ঘিরে লাগাতার আন্দোলনের পথে নামতে চলেছে তৃণমূল কংগ্রেস। শুক্রবার, সাংবাদিক বৈঠকে একগুচ্ছ আন্দোলনের কথা ঘোষণা করেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে ১ জানুয়ারি তৃণমূলের প্রতিষ্ঠা দিবসেই 'নাগরিক অধিকার দিবস' পালন করা হবে বলে জানান তৃণমূল সুপ্রিমো।
সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে চলতি সপ্তাহ থেকেই পথে নেমে আন্দোলনে সামিল মমতা বন্দ্যোপাধ্যায়। শহর কলকাতার একপ্রান্ত থেকে অন্যপ্রান্ত একের পর এক পদযাত্রা করেছেন মমতা। উত্তর কলকাতা থেকে দক্ষিণ কলকাতা জুড়ে সোমবার এবং মঙ্গলবার মিছিল করেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার হাওড়া ময়দানেও সভা করেন তিনি।
বৃহস্পতিবার ধর্মতলার ডোরিনা ক্রসিংয়ে নাগরিক সংশোধনী আইনের বিরুদ্ধে সোচ্চার হন তিনি। আন্দোলন যে আরও তীব্র হবে তার ইঙ্গিত সে দিনই দিয়েছিলেন মমতা।
শুক্রবার, তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠকে তৃণমূল সুপ্রিমো জানান, ২১ এবং ২২ ডিসেম্বর রাজ্যজুড়ে সভা-মিছিল করবে তৃণমূল। আগামী সোমবার থেকে দলীয় নেতা-কর্মীদের কেন্দ্রীয় আইনের বিরোধিতায় কোমর বেঁধে পথে নামার নির্দেশ দেন তৃণমূলনেত্রী।
মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ২৩ ডিসেম্বর কলকাতা বাদে রাজ্যের প্রতিটি মহকুমায় বিক্ষোভ-আন্দোলন কর্মসূচি পালন করবে তৃণমূল। ২৪ ডিসেম্বর কলকাতায় পদযাত্রা করবেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই দিন কলকাতার সিমলা রোড থেকে বেলেঘাটা পর্যন্ত পদযাত্রা করবেন তৃণমূলনেত্রী।
শুক্রবার সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় আরও জানান, ২৬ ডিসেম্বরও তৃণমূল শ্রমিক সংগঠনগুলি কেন্দ্রের বিরুদ্ধে সোচ্চার হয়ে পথে নামবে। ২৬ ডিসেম্বর দমদম এবং কামারহাটি সংলগ্ন এলাকায় তৃণমূলের ট্রেড ইউনিয়ন আইএনটিটিইউসি মিছিল করবে।
২৭ ডিসেম্বর তৃণমূলের কিষাণ এবং খেত মজুর সংগঠনগুলিও পদযাত্রা করবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২৮ ডিসেম্বর রাজ্যের সব বিধানসভাকেন্দ্রে দলের নেতা-কর্মীদের ধর্নার নির্দেশ দিয়েছেন তৃণমূলনেত্রী।
এরই পাশাপাশি আগামী ৩০ এবং ৩১ ডিসেম্বর সারা রাজ্যের দলীয় নেতা-কর্মীদের তৃণমূল কংগ্রেস দিবসের প্রস্তুতির কথা ঘোষণা করেন। নতুন বছরে নাগরিক সংশোধনী আইনের প্রতিবাদে নতুন উদ্যমে নামার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১ জানুয়ারি তৃণমূল কংগ্রেস দিবসের বদলে প্রতি বুথে বুথে 'নাগরিক অধিকার দিবস' পালনের নির্দেশ দিয়েছেন তিনি।
একগুচ্ছ আন্দোলনের পরিকল্পনার পাশাপাশি দলের ছাত্র,যুব মহিলা, শ্রমিক সংগঠনের নেতা-কর্মীদেরও কেন্দ্রীয় আিনের প্রতিবাদে শান্তিপূর্ণ পথে আন্দোলনে নামার নির্দেশ দিয়েছেন তৃণমূলনেত্রী।
source - kolkata24x7
Comments
Post a Comment