সঙ্ঘের দিকেই আঙুল তুললেন তৃণমূল নেতারা

Add caption
দমদমের নাগেরবাজারে বোমা বিস্ফোরণের ঘটনা ‌নিয়ে রাজনৈতিক চাপান-উতোর শুরু হল। এই ঘটনার পেছনে বিজেপি জড়িত বলে মন্তব্য করলেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। বিস্ফোরণস্থল পরিদর্শনের পর জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, '‌পরিকল্পনা করে বিস্ফোরণ ঘটানো হয়েছে। কেন্দ্রীয় সরকারে যে দল রয়েছে তারাই এর পরিকল্পনা করেছে। ভারতীয় জনতা পার্টি কয়েক দিন আগে বন্‌ধ ডেকেছিল। কিন্তু, এই জেলায় হয়নি। তখন তারা হুমকি দিয়েছিল, দেখে নেবে। সেই কারণে প্রতিশোধ নিয়েছে বিজেপি। দু-তিনদিন আগেই দিলীপ ঘোষ বলেছিলেন, মারের বদলা মার। যা ঘটেছে তার পুলিসি তদন্ত হবে। পরিকল্পনামাফিক বিজেপি এটা করেছে।'‌ অন্যদিকে, নাগেরবাজারের ঘটনায় জাতীয় তদন্তকারী সংস্থা (‌এনআইএ)‌-র হস্তক্ষেপ চেয়েছেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এদিন দলের রজ্য দপ্তরে তিনি দাবি করেছেন, কিছু হলেই তৃণমূল এখন বিজেপি-আরএসএসের যোগ পাচ্ছে। কিন্তু এমন ঘটনা তৃণমূলের পার্টি অফিসের সামনে হচ্ছে। বোঝা যাচ্ছে, তাদের গোষ্ঠীদ্বন্দ্বের ফলে এমন হচ্ছে। ‌
জ্যোতিপ্রিয় বলেন, '‌দক্ষিণ দমদম পুরসভার চেয়ারম্যান পাচু রায় টার্গেট ছিলেন। এখানে অনেক কাউন্সিলর, মন্ত্রী আসেন। আমিও এসেছি। কাউকে না কাউকে তো মারার পরিকল্পনা ছিল। উত্তর ২৪ পরগনা জেলার মধ্যমগ্রাম, ঠাকুরনগর, কদম্বগাছিতে এবার বন্‌ধ হয়নি। তাই হুমকি দিয়েছিল। এটা বিজেপি-র কাজ। কোনও সন্দেহ নেই।'‌
তদন্তের বিষয়ে তিনি বলেন, '‌আশা করছি পুলিস দোষীদের ধরবে। যে শিশুটি মারা গেছে তার পরিবারের প্রতি আমাদের সমবেদনা। পরিবারটিকে দেখার দায়িত্ব আমরা নিলাম। যাঁরা আহত হয়েছেন তাঁদের চিকিত্‍সারও দায়িত্ব আমাদের।'‌ 
জ্যোতিপ্রিয়বাবুর দাবি, '‌বিজেপি একটা জঘন্য রাজনৈতিক দল। ওদের কেন নিষিদ্ধ ঘোষণা করছে না নির্বাচন কমিশন?‌ এরা হিংসা, মৃত্যুর রাজনীতি করছে। দিলীপ ঘোষ উসকানিমূলক কথা বলে যান কয়েক দিন আগে।'‌ 
জ্যোতিপ্রিয় মল্লিকের বক্তব্যের সমর্থন করে শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, '‌খাদ্যমন্ত্রীর এই মন্তব্য একেবারেই উড়িয়ে দেওয়া যায় না।'‌ তিনি বলেন, '‌বিস্ফোরক যারা রেখেছে, তারা দেশবিরোধী কাজ করছে। বিস্ফোরণে যারা মারা যায়, তাদের বেশিরভাগই নিরাপরাধ মানুষ। সুতরাং এ ধরনের কাজ মেনে নেওয়া যায় না।'
SOURCE:আজকাল

Comments