লাইট অ্যান্ড সাউন্ড উদ্বোধনের দিনেই সাধারণের জন্য খুলে দেওয়া হবে দক্ষিণেশ্বরের নব নির্মিত স্কাইওয়াক। আগামী ৫ নভেম্বর মুখ্যমন্ত্রী উদ্বোধন করবেন। পরিকল্পিত স্কাইওয়াকটির শিলান্যাস হয়েছিল সাড়ে তিন বছর আগে। নির্মাণকাজ সময় মতো শুরু হওয়া সত্বেও নানা কারণে পিছিয়েছে স্কাইওয়াকটির উদ্বোধন। অবশেষে অপেক্ষার অবসান। নবান্ন সূত্রের খবর, আগামী মাসের পাঁচ তারিখে অর্থাত্‍ কালীপুজোর আগের দিন, উদ্বোধন হবে সেটির। তার পরেই সাধারণ মানুষের ব্যবহারের জন্য খুলে দেওয়া হবে দক্ষিণেশ্বর স্কাইওয়াক।
৬৫ কোটি টাকা বাজেটের এই স্কাইওয়াকের দৈর্ঘ্য ৪০০ মিটার, প্রস্থ সাড়ে দশ মিটার। বিভিন্ন দিক থেকে স্কাইওয়াকে ওঠার জন্য রয়েছে ১২টি চলমান সিঁড়ি, চারটি লিফ্ট ও আটটি সিঁড়ি। গোটা স্কাইওয়াকটি ছাউনি দেওয়া। ভিতরে থাকছে ত্রিমাত্রিক আলোকসজ্জা। পুর দফতরের দাবি, এত আধুনিক মানের স্কাইওয়াক ভারতে এই প্রথম। 'ফোরাম ইন্টারন্যাশনাল' সংস্থার বানানো এই স্কাইওয়াকটির নিরাপত্তার শংসাপত্র দিয়ে দিয়েছে রাইটস।

সামনের মাসে এই স্কাইওয়াক খুলে গেলে সাধারণ মানুষের তো বটেই, সেই সঙ্গে দক্ষিণেশ্বর মন্দিরে আশা দর্শনার্থীদের প্রভূত সুবিধা হবে।
Dailyhunt

Comments