চতুর্থী থেকে মধ্যরাতে ট্রাম, বাড়তি ৫০০ বাস

পুজোর সময়ে সরকারি বাসের বিশেষ পরিষেবা শুরু করে দিচ্ছে রাজ্য পরিবহণ নিগম। চতুর্থী থেকেই বছরের অন্যান্য দিনের তুলনায় প্রতিদিন অতিরিক্ত ৫০০ বাস রাস্তায় নামানো হবে। দুপুর থেকে মধ্যরাত পর্যন্ত শহর এবং শহরতলির বিভিন্ন রুটে যাতায়াতের জন্য পর্যাপ্ত সংখ্যক বাসের ব্যবস্থা করা হবে। পাশাপাশি, ‘নাইট-সার্ভিস’ বাসের সংখ্যাও এক লাফে দ্বিগুণ করছে পরিবহণ দপ্তর।
পরিবহণ দপ্তর জানিয়েছে, পুজোর কথা মাথায় রেখে চতুর্থী থেকে নবমী পর্যন্ত প্রতিদিন গড়ে ১২০০ বাস রাস্তায় নামানো হবে। পরিবহণ দপ্তরের কন্ট্রোল রুম খোলা থাকবে বেশী রাত পর্যন্ত। কোথাও সমস্যা দেখা দিলে দ্রুত বিকল্প ব্যবস্থা করতে দপ্তরের আধিকারিকরাও রাস্তায় নেমে তদারকি করবেন।
রেল এবং মেট্রো রেলের গুরুত্বপূর্ণ স্টেশন ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ গন্তব্যের কথা মাথায় রেখে পর্যাপ্ত সংখ্যায় শাটল বাস সার্ভিস চালু করছে পরিবহণ দপ্তর। দুপুর ১২টা থেকে পর্যায়ক্রমে ওই বাসের সংখ্যা বাড়ানো হবে। চলবে মধ্যরাত পর্যন্ত।
গড়িয়া-গড়িয়াহাট, গড়িয়াহাট-শিয়ালদহ, হাওড়া-শিয়ালদহ, শ্যামবাজার-ব্যারাকপুর, করুণাময়ী-শিয়ালদহ, টালিগঞ্জ-ঠাকুরপুকুর, টালিগঞ্জ-বেহালা ছাড়াও আরও বেশ কিছু রুটে শাটল সার্ভিস চালানো হবে। এ ছাড়া, সকালের দিকেও নিয়মিত সরকারি বাস পরিষেবা চালু থাকবে। রাতের দিকে কয়েকটি রুটে চালু থাকবে ট্রামও।
যারা পুজো দেখতে বেরোবেন, তাঁদের জন্য এ বার ১০০ টাকায় বিশেষ ‘অল ডে টিকিট’-এর ব্যবস্থা করেছে পরিবহণ দপ্তর। বিভিন্ন ডিপোর কাউন্টার থেকে এক বার ওই টিকিট কাটলে ২৪ ঘণ্টার মধ্যে শহরের যে কোনও রুটে এসি বা নন-এসি বাস, ট্রাম ও জলযানে সফর করা যাবে। রাত ১২টা থেকে পরদিন রাত ১২টা পর্যন্ত ওই টিকিট ব্যবহার করা যাবে।
পরিবহণ দপ্তরের এক অধিকর্তা বলেন, “অল ডে টিকিটে পূর্বে নিউ টাউন থেকে পশ্চিমে হাওড়া, উত্তরে ব্যারাকপুর, বারাসত থেকে দক্ষিণের ঠাকুরপুকুর-বারুইপুর পর্যন্ত যে কোনও পথে যত বার খুশি যাতায়াত করা যাবে।” নদীপথে আড়িয়াদহ এবং দক্ষিণে মিলেনিয়াম পার্ক জেটির মধ্যেও একই টিকিটে লঞ্চে যাতায়াত করা যাবে।
SOURCE: Ekhon Khobor

Comments