মোদীর চুপ থাকাটা অভিনয়ঃ প্রকাশ রাজ

আজ শুক্রবার ডানকুনিতে একটি সম্মেলনে যোগ দিলেন অভিনেতা প্রকাশ রাজ। এদিন বাম যুব সংগঠন ডিওয়াইএফআইয়ের ১৮তম রাজ্য সম্মেলন ছিল। সেখানে যোগ দিতে এসে নানাণ ইস্যুতে প্রধানমন্ত্রীকে কটাক্ষ করেন তিনি।
এদিনের সম্মেলনে নাম না করে প্রাক্তন ও বর্তমান প্রধানমন্ত্রীর তুলনা টেনে নরেন্দ্র মোদী ও তাঁর সরকারকে তীব্র আক্রমণ করেন অভিনেতা প্রকাশ রাজ। তিনি বলেন, ''প্রাক্তন প্রধানমন্ত্রী চুপ থাকতেন। সেটা তার স্বভাবজাত। কিন্তু বর্তমান প্রধানমন্ত্রীর চুপ থাকাটা হল পুরোটাই অভিনয়। আর এই চুপ থাকাটা দেশের পক্ষে ভয়াবহ।'' তাই দেশের নতুন প্রজন্মকে পরিবর্তনের দায়িত্ব নিতে হবে বলে মন্তব্য করেন অভিনেতা। প্রকাশ রাজ জানান, তিনি বামও নন, ডানও নন! তবে কতগুলি নীতির ক্ষেত্রে তিনি বামপন্থী। তাই তাঁর এদিনের এই সম্মেলনে আসা।
এদিন প্রকাশ রাজ বলেন, ''স্বাধীনতার পর থেকে যে সমস্ত রাজনৈতিক দল ক্ষমতায় এসেছে, তারা কম বেশি সাম্প্রদায়িকতার রাজনীতি করেছে। কিন্তু বর্তমান শাসকদল আরও মারাত্মক। তারা সংগঠিতভাবে বিভেদ সৃষ্টি করছে মানুষের মধ্যে। গোটা দেশজুড়ে এখন খুনের রাজনীতি চলছে। ধর্ম নিয়ে টানাটানি চলছে।''
তাঁর অভিযোগ, ''দেশে গণতন্ত্র আছে, সংবিধান আছে! কিন্তু, প্রশ্ন করলে বলা হচ্ছে নকশাল, মাওবাদী। তাই আমাদের যদি আর্বান নকশাল বলা হয়, তবে তোমরা (বিজেপি) হলে আর্বান চোর।''
প্রধানমন্ত্রীর উদ্দেশ্য তাঁর মন্তব্য, ''রাফায়েল কালো টাকা, জিএসটি নিয়ে আপনাকে জবাব দিতে হবে। মানুষই আপনার কাছ থেকে জবাব চাইবে।''
সম্প্রতি অমিত শাহ বলেছিলেন, ''৫০ বছর এই সরকার ক্ষমতায় থাকবে''। অমিত শাহের ওই মন্তব্যের পরিপ্রেক্ষিতে প্রকাশ রাজ বলেন, '' আমরা কেউ ভিক্ষা করতে যাব না, আপনাদের আমাদের কাছে ভোট ভিক্ষা করতে আসতে হবে। ভোট ভিক্ষে করেছিলেন বলে মানুষ আপনাদের ভোট দিয়ে ক্ষমতায় এনেছে। কিন্তু, মানুষের জন্য যাঁরা কাজ করেনি, সাম্প্রদায়িকতার রাজনীতি করেছে, তাঁদের মানুষ বিদায় দেবে। আগামী বছর মানুষই আপনাদের সরিয়ে দেবে। আর এই পরিবর্তন করবে দেশের যুবরা।''
source-Dailyhunt

Comments