প্রথম থেকেই লড়েছি:‌ মমতা

মিলান: আধার নিয়ে মামলায় সুপ্রিম কোর্টের রায়ে খুশি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আজ এখানে রায়ের খবর শুনে মুখ্যমন্ত্রী বলেছেন, 'মানুষের একটা নিজস্ব অধিকার থাকা উচিত। তা অন্যের হাতে চলে যাবে, এটা ঠিক নয়। আমাদের এই বক্তব্য যে যথার্থ ছিল তা অকাট্যভাবে প্রমাণিত হল আজ।‌ সরকারের গোপনীয়তা থাকে কিছু কিছু জায়গায়। তাতে নিশ্চয় আমরা হস্তক্ষেপ করি না সৌজন্যের জন্য। কিন্তু তাই বলে সবটাই উন্মুক্ত হয়ে যাবে এটাও ঠিক নয়।'‌ মুখ্যমন্ত্রীর মতে, মোবাইলে আধার কার্ড যুক্ত করলে অনেক ক্ষতিরও সম্ভাবনা থাকে। এটিএমের উদাহরণ দিয়ে তিনি বলেন, 'মোবাইলে আধার যুক্ত করলে সব তথ্য ফাঁস হয়ে যেতে পারে। যেমন এটিএমে ব্যাঙ্কের টাকা লোপাট হয়ে যাচ্ছে।'‌ এই মামলার পেছনে তাঁদের উদ্যোগ কতটা তা-ও এদিন মনে করিয়ে দেন তিনি। মমতা টুইটে লেখেন, '‌প্রথম দিন থেকেই আমরা এর জন্য লড়াই করেছি। ব্যাঙ্ক অ্যাকাউন্ট, মোবাইল ফোনের সঙ্গে আধার সংযুক্তকরণ বাধ্যতামূলক নয়। এর ফলে উপকৃত হবেন সাধারণ মানুষ। সকলকে জানাই শুভেচ্ছা।'‌


তৃণমূলের বিধায়ক মহুয়া মৈত্র একটি জনস্বার্থ মামলা করেন সুপ্রিম কোর্টে। মুখ্যমন্ত্রী বলেন, 'আমরা খুবই খুশি। একটা ভাল রায় দিয়েছে আদালত‌। মোবাইলে আধার কার্ড আর বাধ্যতামূলক নয়। আমিও কখনওই আমার মোবাইলে আধার কার্ড লিঙ্ক করিনি। সবাইকে বারণও করেছিলাম। নইলে ব্যক্তিগত অধিকারকেই তো বিসর্জন দিতে হত।'‌‌


নরেন্দ্র মোদি সরকার বিভিন্ন ক্ষেত্রে আধার কার্ড বাধ্যতামূলক করার পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছিলেন, '‌ভয়ঙ্কর ব্যাপার!‌ ব্যাঙ্ক, মোবাইলে আধার কার্ড যুক্ত করাতে চাইছে কেন্দ্রীয় সরকার। কিন্তু, তার আগে গ্যারান্টি দিতে হবে, ব্যাঙ্কে সঞ্চিত সাধারণ মানুষের কষ্টার্জিত টাকা নয়ছয় হবে না। ব্যাঙ্ক থেকে টাকা গায়েব হলে তার দায়িত্ব সরকার নেবে তো?'‌ মুখ্যমন্ত্রী বলেছিলেন, সরকার আয়কর ফাইলে আধার কার্ডের নম্বর সংযোগ করুক। তা নিয়ে কিছু বলার নেই। কিন্তু, কোন যুক্তিতে মোবাইল ফোনে আধার নম্বর লাগবে? তা ছাড়া একশো দিনের কাজের মতো কল্যাণমূলক প্রকল্পের সুবিধা আধার ছাড়া পাওয়া যাবে না, এমন প্রস্তাবেরও কড়া বিরোধিতা করেছিলেন তিনি। 


মোবাইলে আধার সংযোগের বিরোধিতা করে মুখ্যমন্ত্রী বলেছিলেন, '‌এবার তা হলে স্বামী-স্ত্রীর কথাও আর গোপন থাকবে না।'‌ তিনি বলেছিলেন, '‌প্রয়োজনে আমি মোবাইল ফোন ছেড়ে দেব। তবু মোবাইলে আধার লিঙ্ক করব না। মোবাইল পরিষেবা বন্ধ করে দিক।'‌ তারপর এক সময় বিরক্ত হয়ে বলেছিলেন, '‌মোবাইল বন্ধ করে দিলে ভালই হয়, প্রতিদিন এত এসএমএস পড়তে হয়। লিখতে হয়। সারাদিন বিরক্ত করে। বন্ধ করুক। বেঁচে যাই।'‌‌‌

Comments