এগিয়ে আসছে লোকসভা ভোট।তার আগে বিরোধী রাজনৈতিক দলগুলোর কন্ঠ রোধ করতে মরিয়া বিজেপি।এক্ষেত্রে কাজে লাগানো হচ্ছে বিভিন্ন কেন্দ্রীয় প্রতিষ্ঠানগুলোকে। অভিযোগ তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।
গত বুধবারই বিজেপি শাসিত হরিয়ানার রেওয়াড়ীতে আয়কর দফতর স্বরাজ ইন্ডিয়া দলের নেতা যোগেন্দ্র যাদবের বোনের নার্সিংহোমে তল্লাশি চালায়। হিসাব বহির্ভুত সম্পত্তির প্রমাণ মেলাতেই এই অভিযান বলে জানানো হয় আয়কর দপ্তরের তরফে।এই তল্লাশির তীব্র সমালোচনা করেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোস্যাল মিডিয়ায় তিনি লেখেন, ২০১৯ সালের ভোট এগিয়ে আসছে। বিরোধীদের কন্ঠস্বর রোধে বিভিন্ন প্রতিষ্ঠানকে ব্যবহার করে প্রকাশ্যে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করছে বিজেপি। যোগেন্দ্র যাদবজীর আত্মীয়ের বাড়িতে আয় কর দপ্তরের হানার তীব্র নিন্দা করি।
ফসলের ন্যূনতম সহায়ক মূল্য বৃদ্ধির সিদ্ধান্তকে হাতিয়ার করে হরিয়ানায় প্রচারে ঝাঁপিয়েছে বিজেপি। কেন্দ্রের সেই সিদ্ধন্তের সমালোচনা করেছে স্বরাজ ইন্ডিয়া দল। কৃষকদের সহায়ক মূল্য বাড়ানোর দাবিতে যোগেন্দ্র যাদবের নেতৃত্বে শুরু হয়েছে কৃষকদের ৯ দিনের পদযাত্রা। এই পদযাত্রা ঘিরে অস্বস্তিতে গেরুয়া ব্রিগেড। সেই কারণেই এই প্রতিহিংসামূলক পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।
এই পরিস্থিতিতে স্বরাজ ইন্ডিয়া দলের প্রধান যোগেন্দ্র যাদবের পাশে দাঁড়িয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
এর আগেও বিভিন্ন সময়ে নানা কারণে বিরোধীদের জব্দ করতে বিজেপির বিরুদ্ধে কেন্দ্রীয় প্রতিষ্ঠানগুলিকে ব্যবহারের অভিযোগ উঠেছে| এবারও সেই একই অভিযোগ। সরব হয়েছেন বিজেপি বিরোধী জোটের অন্যতম প্রধান মুখ মমতা বন্দ্যোপাধ্যায়।
Source - Ekhon khobor
Source - Ekhon khobor
Comments
Post a Comment