৩০ লক্ষ বন্যাদুর্গত কৃষক পরিবারকে সাহায্য করেছে রাজ্য সরকার। এমনটাই বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন কোচবিহারের চ্যাংরাবান্ধায় একটি প্রশাসনিক সভায় একথা বলেছেন মুখ্যমন্ত্রী।
তিনি বলেন, বন্যা আক্রান্ত কৃষক পরিবারগুলির কৃষিঋণ মকুব করা হয়েছে। এমনকি কৃষিজমি নিতে গেলেও তাঁদের আর পুরসভার মিউটেশনের প্রয়োজন নেই। কোচবিহারের নয়া সার্কিট বেঞ্চ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, এই সার্কিট বেঞ্চের আওতায় আনা হচ্ছে উত্তরবঙ্গের পাঁচটি জেলাকেই। এর ফলে এখন থেকে মামলা দায়ের করতে আর হাইকোর্টে যেতে হবে না আবেদনকারীদের। চ্যাংরাবান্ধায় উন্নয়ন বোর্ড তৈরি হয়েছে।
মুখ্যমন্ত্রী আরও বলেন, রাজ্য সরকারের চাকরির বয়ঃসীমা বাড়িয়ে সাধারণ শ্রেণির জন্য ৪০ বছর, তফসিলি জাতির জন্য ৪৩ বছর এবং তফসিলি উপজাতি, আদিবাসীদের জন্য ৪৫ বছর পর্যন্ত করেছে রাজ্য সরকার। এমনকি গরিব মানুষদের সুবিধার্থে মৃতদেহ সত্কারের জন্য ২০০০ টাকা করে দেওয়া হচ্ছে।

Comments
Post a Comment