বাংলায় সবুজ ঝড় আরও উত্তাল হবে, পঞ্চায়েত নির্বাচনের আগেই 'ফলপ্রকাশ' মমতার

'স্রেফ সময়ের অপেক্ষা। পঞ্চায়েত ভোটের ফলাফল বের হলেই দেখবেন- বাংলায় সবুজ ঝড় আরও উত্তাল হয়েছে।' পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে বেসরকারি বৈদ্যুতিন সংবাদমাধ্যমের সাক্ষাত্‍কারভিত্তিক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একপ্রকার জানিয়েই দিলেন রাজ্যে নির্বাচনী ফল কী হতে চলেছে। তিনি জানান, 'বাংলার পঞ্চায়েতে হান্ড্রেড পার্সেন্ট আসনে বিজয়ী হবে তৃণমূল কংগ্রেস।''

তাঁর কথায়, 'যতই কুত্‍সা-অপপ্রচার চলুক, বাংলার মানুষ ভোট দেবেন তৃণমূল কংগ্রেসকেই। কারণ বাংলার মানুষের মনে রয়েছে তৃণমূল কংগ্রেস। যা দেখানো হচ্ছে সংবাদমাধ্যমগুলিতে, তা ফেক নিউজ। এক শ্রেণির সংবাদমাধ্যম কোনও কোনও ঘটনাকে ফুলিয়ে ফাঁপিয়ে দেখাচ্ছে। এ জিনিস বাংলার মানুষ মেনে নেবেন না।'

মমতার কথায়, 'বাংলার মানুষ জানেন, একমাত্র তৃণমূল কংগ্রেসই তাঁদের পরিষেবা দিতে পারে। তাই তৃণমূল কংগ্রেসই জিতবে। আমরা জিতব এবং বাংলার মানুষের জন্য কাজ করব। এটাই আমাদের একমাত্র লক্ষ্য। তৃণমূল না জিতলে পরিষেবা পাবে না বাংলার মানুষ। আর কোনও দল এভাবে বাংলার মানুষকে পরিষেবা দিতে পারবে না। তাই বাংলার মানুষ তৃণমূলকেই চায়।'


মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'তৃণমূলকেই মানুষ বিজয়ী করবে। গ্রাম পঞ্চায়েত থেকে পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ- সব জায়গাতেই আমরা জিতব। বিজেপির মতো আমরা ১০০ কোটি টাকা দিয়ে ডিজিটাল প্রচার চালাই না। আমরা মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে বিশ্বাসী। মানুষের সঙ্গে আমাদের দলের সরাসরি যোগযোগ রয়েছে। পঞ্চায়েতের ফল প্রকাশ হলেই তাই দেখা যাবে বাংলায় সবুজ ঝড় আরও উত্তাল হয়ে আছড়ে পড়ছে। অন্য সবাই-ই সেই ঝড়ে উড়ে যাবে।'

মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, 'বাংলায় ৫৮ হাজার বুথে ভোট হচ্ছে। তার মধ্যে হাতে গোনা কয়েকটি জায়গায় গন্ডগোল হয়েছে। সাকুল্যে ৮ থেকে ১০টি জায়গায় গন্ডগোল হয়েছে। আর সেটাই ফলাও করে দেখানো হচ্ছে বাংলায় সন্ত্রাস চলছে। ২০০৩ ও ২০০৮ সালের তুলনায় এবার কোনও গন্ডগোলই হয়নি। সবটাই এক শ্রেণির সংবাদমাধ্যম আর কিছু রাজনৈতিক দলের অপপ্রচার।' সেইসব অপপ্রচার-কুত্‍সা কাটিয়ে আবারও তৃণমূল বিপুল জয় পাবে বলেই বিশ্বাস মমতা বন্দ্যোপাধ্যায়ের।

source: oneindia.com

Comments