আবার অনশনে অণ্ণা, এবার জোড়া চাপে নরেন্দ্র মোদী


মাঝে সাত বছরের ব্যবধান। ২০১১ সালে সমাজকর্মী অণ্ণা হাজারের অনশন চাপে ফেলেছিল মনমোহন সিংহ সরকারকে। এবার একই চাপে নরেন্দ্র মোদী সরকার।

শুক্রবার দিল্লিতে আমরণ অনশন শুরু করলেন প্রবীণ গাঁধীবাদী নেতা অণ্ণা হজারে। রামলীলা ময়দানে অণ্ণার অনশনে রয়েছে সেই পুরনো দাবি। কেন্দ্রে লোকপাল ও সব রাজ্যে লোকায়ুক্ত গঠনের দাবিতে আমরণ অনশন।
সেই সঙ্গে কৃষকদের সমস্যা নিয়েও সরব অণ্ণা। কৃষক সমস্যা নিয়ে স্বামীনাথন কমিটির সুপারিশ কার্যকর করার দাবিও রয়েছে অণ্ণার।
দুর্নীতি দমনে লোকপাল গঠনের দাবিতে ২০১১ সালে দিল্লির রামলীলা ময়দানেই আমরণ অনশনে বসেছিলেন অণ্ণা হজারে। সেই আন্দোলন ছড়িয়ে পড়েছিল গোটা দেশে। ‘ম্যায় হুঁ অণ্ণা’ স্লোগান ওঠে রাজ্যে রাজ্যে। চাপে পড়ে কেন্দ্রের দ্বিতীয় ইউপিএ সরকার লোকপাল গঠনের প্রতিশ্রুতি দেয়। এর পরেই অনশন তুলে নেন অণ্ণা।
দেশের রাজনীতি সরগরম হয়ে উঠেছিল সেই আন্দোলনকে কেন্দ্র করে। অণ্ণাকে কাছে পেতে মরিয়া হয়ে ওঠে কংগ্রেস, বিজেপি। দুই প্রধান রাজনৈতিক প্রতিপক্ষের পাশাপাশি অণ্ণাকে পাশে পেতে চায় তৃণমূল কংগ্রেসও। কিন্তু বর্ষীয়ান গাঁধীবাদী নেতা অণ্ণা কোনও দিকেই সমর্থন দেননি। এমনকী, সেই আন্দোলন থেকে জন্ম নেওয়া অনুগামী অরবিন্দ কেজরীবালের ‘আম আদমি পার্টি’ (আপ)-এর সঙ্গেও সংস্পর্শ রাখেননি।
কৃষকদের নিয়ে বাম আন্দোলনে এমনিতেই চাপে কেন্দ্রীয় সরকার। চাপ বাড়াচ্ছে কংগ্রেস-সহ অন্যান্য বিরোধী দলগুলি। এরই মধ্যে অণ্ণা হাজারের অনশন নতুন চাপ তৈরি করল কেন্দ্রের মোদী সরকারের উপরে।

source :ebela

Comments