ঢাকঢোল পিটিয়ে দেশের উন্নয়নের কথা বলা হয়েছিল। শুধু তাই নয় ২০১৪ সালে নরেন্দ্র মোদির সরকার ক্ষমতায় আসার পর থেকেই ৫৬ ইঞ্চির ছাতি ফুলিয়ে একাধিক প্রকল্প ঘোষণা করা হয়েছিল। তাতে দেশের মানুষের আর্থ-সামাজিক উন্নতি ঘটবে বলেও দাবি করেছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী। কিন্তু চার বছরের মাথায় দেখা গেল সেই সব জাতীয় সরকারি প্রকল্প অর্থের অভাবে ধুঁকছে। মঙ্গলবার লোকসভায় পেশ করা সংসদীয় কমিটির রিপোর্টে এই তথ্য প্রকাশ পেয়েছে। যার ফলে বেশ বিপাকে পড়েছে এনডিএ সরকার। এখন একদিকে শরিকরা ছেড়ে চলে যাওয়ার হিড়িক পড়েছে। অন্যদিকে বিরোধীরা সংসদে সরকারের বিরুদ্ধে অনাস্থা নিয়ে আসতে মরিয়া হয়ে উঠেছে।
সেখানে এই রিপোর্ট সরকারকে আরও বেকায়দায় ফেলে দেবে বলে মনে করা হচ্ছে।
যদিও সরকারের পক্ষ থেকে বলা হয়েছে রিপোর্টের সব তথ্য সঠিক নয়। কিন্তু সংসদীয় স্ট্যান্ডিং কমিটি রিপোর্টে পেশ করেছে মোদি সরকারের নগরোন্নয়নের ক্ষেত্রে ৬টি প্রধান পরিকাঠামো প্রকল্পে গড়ে মাত্র ২১ শতাংশ টাকা খরচ করা হয়েছে। স্মার্ট সিটি প্রকল্পে মাত্র ১৮ শতাংশ তহবিল খরচ করা হয়েছে। আর প্রধানমন্ত্রী আবাস যোজনা এবং স্বচ্ছ ভারত মিশন প্রকল্পে ৩০ শতাংশের কম টাকা ব্যয় করা হয়েছে। এই রিপোর্টে আরও বলা হয়েছে কেন্দ্রীয় সরকার যে টাকা রাজ্যগুলিকে দিত প্রকল্প বাস্তবায়িত করতে সেখানে সঠিক পরিকল্পনার অভাব ছিল। এমনকী সবার জন্য বাড়ি প্রকল্প অর্থের অভাবে ধুঁকছে।
বিজু জনতা দলের সাংসদ পিনাকি মিশ্র সংসদীয় স্ট্যান্ডিং কমিটির সদস্য। তিনি এক সাক্ষাত্কারে বলেন, 'অনেক বেশি প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। বেশি বেশি প্রকল্প ঘোষণা করে। সঠিক চিন্তাভাবনা না করেই এমন চমক দেওয়া হয়েছিল।' এই পরিস্থিতিতে রাজনৈতিক পর্যবেক্ষকরা গীতার শ্লোক তুলে বলছেন তুমি ক্ষমতাশালী, শক্তিশালী। কিন্তু মনে রাখা উচিত ছিল সময় তোমার থেকেও বেশি শক্তিশালী।
Source : আজকাল

Comments
Post a Comment