কেন্দ্রীয় সরকারের তালিকা থেকে বাদ যাওয়া মানুষদের জন্য রাজ্য সরকারের তহবিল থেকে ভাতা দেওয়া হবে৷ তারই পাশাপাশি কেন্দ্রীয় প্রকল্পের নাম পরিবর্তন করার যে অভিযোগ রাজ্য সরকারের বিরুদ্ধে হয়েছে তাও ভুল বলে জানালেন রাজ্যের পরিবহন মন্ত্রী তথা হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান শুভেন্দু অধিকারী৷সামনেই পঞ্চায়েত নির্বাচন৷ দিন যত এগিয়ে আসছে এলাকা ভিত্তিক উন্নয়নে উঠেপড়ে লেগেছেন নেতা কর্মীরা৷ তারই সঙ্গে রয়েছে দোষারোপের পালাও৷ সোমবার তমলুকের রাজনগরে হলদিয়া উন্নয়ন পর্ষদ এলাকার বিভিন্ন ব্লকের ২৪ টি প্রকল্পের শুভ সূচনা অনুষ্ঠানে উপস্থিত থেকে হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান শুভেন্দু অধিকারী জানান “কেন্দ্রের বিজেপি সরকার সাধারণ মানুষের বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা সহ একাধিক ভাতা বন্ধ করে দিয়েছে৷
রাজ্যে সেই সংখ্যা আড়াই লক্ষ আর আমাদের জেলায় সেই সংখ্যা সাড়ে সাত হাজার৷ আমি রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে বিষয়টি তুলে ধরার পর রাজ্য সরকার সাধারণ মানুষের কথা ভেবে কেন্দ্রীয় সরকারের তালিকা থেকে বাদ যাওয়া মানুষদের জন্য রাজ্য সরকারের তহবিল থেকে ২৫৮ কোটি টাকা বরাদ্দ হয়েছে৷”
শুভেন্দু অধিকারী জানান সেই টাকা দিয়ে সাধারণ মানুষের জন্য সহায়তা প্রকল্প চালু করা হয়েছে৷ সেই সঙ্গে তিনি দাবি করেন কেন্দ্রের প্রকল্পের নাম পরিবর্তনের যে অভিযোগ রাজ্য সরকারের বিরুদ্ধে করা হচ্ছে তা সম্পূর্ণ ভুল৷ কেন্দ্রের বিজেপি সরকারকে এক হাত নিয়ে তিনি বলেন” আগে কেন্দ্রের প্রকল্পের যে নাম ছিল এখন কেন্দ্রে থাকা বিজেপি সরকার সেই নাম পরিবর্তন করে নিজেদের গুনগান করার চেষ্টা করছে৷”
সোমবার তমলুকের রাজনগরে হলদিয়া উন্নয়ন পর্ষদ এলাকার বিভিন্ন ব্লকের ২৪ টি প্রকল্পের শুভ সূচনা অনুষ্ঠানে উপস্থিত থেকে শুভেন্দু অধিকারী এই ভাবেই বিঁধলেন কেন্দ্রীয় সরকারকে৷ সামনেই নির্বাচন তাই পঞ্চায়েত ভোটের আগে পঞ্চায়েত এলাকায় ৫৩ কোটি ৫১ লক্ষ টাকা ব্যয়ে ২৪ টি প্রকল্পের শুভ সূচনা হয়৷ দ্রুত সেই কাজ সম্পন্ন হবে বলে জানান মন্ত্রী শুভেন্দু অধিকারী৷
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হলদিয়া উন্নয়ন পর্ষদের কার্যনির্বাহী আধিকারিক উজ্জ্বল সেনগুপ্ত, নন্দকুমারের বিধায়ক সুকুমার দে, পাঁশকুড়ার বিধায়ক ফিরোজা বিবি, ময়নার বিধায়ক সংগ্রাম দোলই, জেলা পরিষদের সভাধিপতি মধুরিমা মন্ডল সহ অন্যান্যরা৷
Comments
Post a Comment