প্রাক্ গ্রীষ্মকালীন রক্ত সংকট মেটাতে এগিয়ে এলেন তৃণমূল কংগ্রেসের মহিলা কর্মীরা।

প্রাক্ গ্রীষ্মকালীন রক্ত সংকট মেটাতে বাঁকুড়ার বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতাল কর্তৃপক্ষের আবেদনে সাড়া দিয়ে এগিয়ে এলেন তৃণমূল কংগ্রেসের মহিলা কর্মীরা। বিষ্ণুপুর শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এক রক্তদান শিবিরে ৬০ জন রক্তদান করেন।

গত কয়েকদিন ধরে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালের ব্লাড ব্যাংকে তীব্র রক্ত সংকট দেখা দিয়েছিল। এর ফলে চরম সমস্যায় পড়ছিল এখানে চিকিৎসা করাতে আসা অসংখ্য সাধারণ মানুষ।

সারা বছর ধরে বিভিন্ন গণ সংগঠন, ক্লাব ও স্বেচ্ছাসেবী সংস্থার তরফে রক্তদান শিবিরের মাধ্যমে এই ব্লাড ব্যাংকে মূলত রক্ত জমা হয়। এই সময়ে মাধ্যমিক পরীক্ষা চলতে থাকায় সেভাবে কোথাও রক্তদান শিবির সংগঠিত করা যায়নি। ফলে স্বাভাবিকভাবেই এই ব্লাড ব্যাংকে তীব্র রক্ত সংকট শুরু হয়েছিল। সেই কারণে ব্লাড ব্যাংক কর্তৃপক্ষ রক্তের অভাব মেটাতে সাধারণ মানুষ-সহ বিভিন্ন সংগঠনের কাছে এগিয়ে আসার আহ্বান জানায়। আর তা নিরসনে এগিয়ে এলেন তৃণমূল কংগ্রেসের মহিলা কর্মীরা।

উদ্যোক্তাদের পক্ষে শহর তৃণমূল কংগ্রেস সভাপতি বুদ্ধদেব মুখোপাধ্যায় বলেন, ‘‘আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে কাজ করে চলেছেন। পঞ্চায়েত ও পুরসভায় পঞ্চাশ শতাংশ আসন সংরক্ষণ করেছেন। আজ মহিলাদের উদ্যোগে এই রক্তদান শিবির অন্যদেরও এইভাবে এগিয়ে আসতে সাহায্য করবে বলে তিনি মনে করেন।’’

এদিন এই শিবিরে উপস্থিত ছিলেন বিষ্ণুপুর শহর তৃণমূল কংগ্রেস সভাপতি বুদ্ধদেব মুখোপাধ্যায় ছাড়াও মহিলা নেত্রী রাখী গরাই, কাউন্সিলর দিব্যেন্দু বন্দ্যোপাধ্যায় প্রমুখ।

মহিলা তৃণমূল কংগ্রেসের এই উদ্যোগকে হাসপাতাল ও ব্লাড ব্যাঙ্ক কর্তৃপক্ষ স্বাগত জানিয়েছেন। তারা মনে করেন এইভাবে যদি সমাজের প্রতিটি অংশের মানুষ এগিয়ে ব্লাড ব্যাংকে কোনও দিন রক্তের অভাব দেখা যাবে না। রক্তের জন্য কোনও সাধারণ মানুষকে হায়রানির শিকার হতে হবে না।

Comments