সরকার চালাবার জন্য কাটমানি নিই না: মমতা

ঢেলে সাজানো হবে মেদিনীপুর পুলিশ লাইনকে। এজন্য জেলার সাংসদদের তহবিল থেকে ১ কোটি টাকা বরাদ্দ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বৃহস্পতিবার মেদিনীপুর পুলিশ লাইনে প্রশাসনিক বৈঠকে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। স্বভাবতই পুলিশ কর্মীদের পাশাপাশি খুশী তাঁদের পরিবারও। কারণ, তাঁরা জানিয়েছে দীর্ঘদিনের ভবন হওয়ার দৌলতে সবচেয়ে করুণ অবস্থা পুলিশ লাইনের কোয়ার্টারগুলির। অনেক ভবনেই ছাদ চুঁয়ে জল পড়ে।

প্রশাসনিক বৈঠকে জেলার উন্নয়নের হাল হকিকতের খোঁজ নেওয়ার সময় মুখ্যমন্ত্রী নিজে থেকেই বলেন, ''মেদিনীপুর পুলিশ লাইন অনেক পুরনো। এখানকার ভবনগুলো সংস্কার দরকার। এজন্য জেলার সাংসদদের তহবিল থেকে ১ কোটি টাকা বরাদ্দ করা হল।''

দক্ষিণবঙ্গের সঙ্গে উত্তরবঙ্গের যোগাযোগের একমাত্র সড়কটির বহু জায়গা বেহাল। দুই বঙ্গের সংযোগ স্থাপনে বিকল্প একটি চার লেনের সড়ক তৈরি করা হচ্ছে জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ''পূর্ব মেদিনীপুরের মেছোগ্রাম থেকে মুর্শিদাবাদের মোড়গ্রাম পর্যব্ত একটি চার লেনের সড়ক নির্মাণের কাজ শুরু হয়েছে। সংশ্লিষ্ট সড়কটি যাবে পশ্চিম মেদিনীপুরের ঘাটালের ওপর দিয়ে।''

আর মাত্র ক'দিন পরেই শেষ হতে চলেছে চলতি আর্থিক বর্ষ। জেলার পদস্থ আধিকারিকদের নির্দেশের সুরে মুখ্যমন্ত্রী বলেন, ''জনগণের পরিষেবার সব টাকা ৩০ মার্চের মধ্যে খরচ করে ফেলতে হবে। কোনও টাকা ফেলে রাখা যাবে না। এটা কিন্তু করতেই হবে।'' এদিনের বৈঠকে দাঁতনের বিধায়ক শৈবাল গিরি অভিযোগ করেন, ''ঠিকাদাররা কাজ করছে না।''

শুনে মেজাজ হারিয়ে ফেলেন মুখ্যমন্ত্রী। প্রশাসনের কর্তাদের উদ্দেশ্যে বলেন, ''জনগনের টাকা নয়ছয় আমি বরদাস্ত করব না। যাঁরা কাজ করছে না, তাঁদের তালিকা তৈরি করে ব্ল্যাক লিস্টেড করে দিন। আরও বেশি করে মনিটরিং করুন। মনে রাখবেন, আমরা কিন্তু সরকার চালাবার জন্য কোনও কাটমানি নিই না।''

Comments