মেদিনীপুরে বাঘের খোঁজ নিলেন মুখ্যমন্ত্রী

ক'দিন আগেই বাঘাতঙ্ক ছড়িয়েছিল পশ্চিম মেদিনীপুরের লালগড়-গোয়ালতোড়-শালবনি এলাকায়। বাঘের খোঁজে জঙ্গলে ওড়ানো হয়েছিল ড্রোনও।

কিন্তু এখনও বাঘের কোনও খোঁজ মেলেনি। বৃহস্পতিবার মেদিনীপুর পুলিশ লাইনে প্রশাসনিক বৈঠক থেকে সেই বাঘ-মামার খোঁজ নিলেন মুখ্যমন্ত্রী।

শালবনি পঞ্চায়েত সমিতির সভাপতি তথা দলের শালবনি ব্লকের সভাপতি ও জেলা নেতা নেপাল সিংহর কাছে মুখ্যমন্ত্রী জানতে চাইলেন, ''নেপালদা, আপনাদের এলাকায় বাঘের খবর কি? সে আছে, না নেই?'' জবাবে নেপালবাবু বলেন, ''এখনও পর্যন্ত ওই ঘটনায় ২ জনের মৃত্যু হয়েছে। তবে বাঘের হদিশ মেলেনি।'' প্রসঙ্গত, ক'দিন আগেই বাঘের খোঁজে রাতে গা়ড়ি নিয়ে তল্লাশি চালাতে গিয়ে গাড়ির মধ্যেই দমবন্ধ হয়ে মৃত্যু হয়েছিল দুই বনকর্মীর। অক্সিজেনের অভাবেই তাঁদের মৃত্যু হয়েছিল বলে পুলিশের দাবি।

শালবনি পঞ্চায়েত সমিতির সভাপতির উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী অবশ্য পরামর্শের সুরে বলেন, ''বাঘের বিষয়টা কিন্তু সিরিয়াস। বিষয়টা কিন্তু আপনাদের নজরে রাখতে হবে।'' ক'দিন আগে প্রথম বাঘের আতঙ্ক ছড়ায় লালগড়ে। ধীরে ধীরে সেই আতঙ্ক ছড়িয়েছে শালবনি ও গোয়ালতোড়েও। স্থানীয়দের দাবি, বাঘের আক্রমণে সংশ্লিষ্ট এলাকার একাধিক মানুষ আক্রান্ত হয়েছেন।

যদিও এদিনের বৈঠকে নেপালবাবু মুখ্যমন্ত্রীকে বলেন, ''এলাকার কোনও গবাদি পশু নিখোঁজ হওয়ার খবর নেই। বাঘের পায়ের ছাপ বা বিষ্টা এখনও পর্যন্ত সেভাবে কিছুই মেলেনি। তবে মানুষের মধ্যে আতঙ্ক রয়েছে। আমরা চেষ্টা করছি, গ্রামবাসীদের আতঙ্ক মুক্ত করতে। একই সঙ্গে বন দফতরও বাঘের খোঁজে তল্লাশি চালাচ্ছে।''

Source - Kolkata 24x7

Comments