বিধায়কের কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার জল্পনা ছড়াল বালুরঘাটে। হঠাতই খবর পাওয়া যায় তৃণমূল শিবিরে যোগ দিতে চলেছেন কংগ্রেস বিধায়ক। গঙ্গারামপুরের বিধায়ক গৌতম দাস তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন বলে দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে গুঞ্জন চলছে।
গত শুক্রবার কলকাতায় শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সংবাদ মাধ্যমের সামনে কং বিধায়কের দলবদলের ব্যাপারে ইঙ্গিত দেওয়ার পর থেকেই রাজনৈতিক মহলে শুরু হয় চাঞ্চল্য। দিন কয়েক আগেও কংগ্রেসের সভাপতি নীলাঞ্জন রায়ের নেতৃত্বে দক্ষিণ দিনাজপুর জেলাপরিষদ ঘেরাও কর্মসূচীতে অংশ নিয়েছিলেন তিনি। পরবর্তীতে তৃণমূল শিবিরের দিকে পা বাড়ানোর এই ঘটনায় ধন্দে পড়েছেন খোদ কং নেতৃত্ব।
জেলা কংগ্রেসের সভাপতি নীলাঞ্জন রায় জানিয়েছেন যে বিধায়ক গৌতম দাসের দলবদলের বিষয়টি নিছকই জল্পনা। তাঁর কথায় গৌতম দাস তাঁদের বিশ্বস্ত কর্মী ও একজন দায়িত্বশীল বিধায়ক। কেন কি কারণে কংগ্রেস ছেড়ে তাঁর তৃণমূলে যোগদানের কথা ছড়িয়ে পড়েছে তা তিনি বুঝতে পারছেন না। পাশাপাশি গৌতম দাস কংগ্রেসেই থাকবেন বলে তিনি আশাবাদী।
এদিকে বিধায়ক গৌতম দাস জানিয়েছেন যে তিনি এখনও কংগ্রেসের সাথেই আছেন। তবে সেইসঙ্গে এই ইঙ্গিতও দিয়েছেন যে যা রটে তা কিছুটা হলেও ঘটে। কখনও তৃণমূল কংগ্রেসে যোগ দিলে প্রকাশ্যে ও নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমেই তা করবেন। কলকাতায় শিক্ষামন্ত্রী যা বলেছেন তা যে ভুল বলেননি সে বিষয়েও তিনি নিশ্চিত করেছেন। বহুদিন ধরেই তৃণমূল কংগ্রেসে যোগদান করার জন্য তাঁর কাছে নানা ভাবে প্রস্তাব আসছে বলে জানিয়েছেন তিনি।
এদিকে জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বিপ্লব মিত্র জানিয়েছেন কলকাতায় শিক্ষামন্ত্রী যখন তাঁদের দলে বিধায়ক গৌতম দাসের যোগদানের কথা কলকাতায় প্রকাশ্যে বলেছেন তখন নিশ্চয় কোন ব্যাপার রয়েছে। যেহেতু বিষয়টি রাজ্য নেতৃত্ব দেখছে তাই এব্যাপারে কোন মন্তব্য না করলেও কং বিধায়ককে সব সময়ের জন্য স্বাগত জানিয়েছেন তিনি।
Source - Kolkata 24x7

Comments
Post a Comment