আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে বাঁকুড়ার বিষ্ণুপুরে

এই প্রথমবার আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ হতে চলেছে বাঁকুড়ার বিষ্ণুপুর মহকুমা ক্রীড়া সংস্থার মাঠে। আজ ২৮ ফেব্রুয়ারি ও আগামী ২ মার্চ এই আন্তর্জাতিক ম্যাচ দেখার সুযোগ পাবেন বিষ্ণুপুর তথা বাঁকুড়া জেলার ক্রিকেট প্রেমী মানুষ।
সূত্রের খবর, ভারত সফররত বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ ক্রিকেট দলের সঙ্গে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের অনূর্ধ্ব-১৫ ক্রিকেট দলের দু’টি ম্যাচ আয়োজনের সুযোগ পেয়েছে বিষ্ণুপুর মহকুমা ক্রীড়া সংস্থা। প্রথমবার আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের সুযোগ পেয়ে প্রস্তুতিতে কোন খামতি রাখতে রাজি নন সংস্থার কর্ম কর্তারা।
গত কয়েকদিন ধরে প্রতিদিন দু’বেলা নিয়ম করে চলেছে পুরো মাঠ সহ পিচের পরিচর্যা। ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের বিশেষজ্ঞ পিচ কিউরেটর বিপুল কর্মকার নিজে হাজির আছেন বিষ্ণুপুরে। তাঁরই তত্ত্বাবধানে মাঠ ও পিচের রক্ষণাবেক্ষণ চলেছে। দিনরাত এক করে হয়েছে প্রতিবেশী দেশের কিশোর খেলোয়াড়দের জন্য ড্রেসিং রুম সাজানোর কাজ। একই সাথে স্টেডিয়ামের গ্যালারিতেও নতুন রঙের প্রলেপ পড়েছে। সব মিলিয়ে প্রথমবার আন্তর্জাতিক ম্যাচের আয়োজনে পুরো স্টেডিয়াম জুড়ে এখন সাজো-সাজো রব।
বিশেষ সূত্রে পাওয়া খবরে জানা যাচ্ছে, আজ ২৮ ফেব্রুয়ারি প্রথম দিন মাঠে উপস্থিত থাকবেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের রাষ্ট্র মন্ত্রী শ্যামল সাঁতরা, জেলাশাসক মৌমিতা গোদারা বসু, পুলিশ সুপার সুখেন্দু হীরা, সাংসদ সৌমিত্র খাঁ সহ বাঁকুড়া জেলা প্রশাসনের উচ্চ পদস্থ আধিকারীকরা।
সাংসদ সৌমিত্র খাঁয়ের এলাকা উন্নয়ন তহবিলের অর্থে গত ১৪ ফেব্রুয়ারি বিষ্ণুপুর মহকুমা ক্রীড়া সংস্থার স্টেডিয়ামে দিন-রাতে খেলার উপযোগী উচ্চ-ক্ষমতা সম্পন্ন আলোর উদ্বোধন হয়েছে। তারপর এখানে প্রথমবার আন্তর্জাতিক স্তরের ক্রিকেট ম্যাচের আয়োজন। যদিও এই ম্যাচ হবে সম্পূর্ণ দিনের আলোতেই। তবুও এই দু’দিনের আন্তর্জাতিক ম্যাচকে ঘিরে ক্রিকেট জ্বরে ভুগছে মল্লরাজাদের বিষ্ণুপুর শহর। আজ ম্যাচ শুরুর সেই মাহেন্দ্রক্ষণের জন্য অধীর আগ্রহে অপেক্ষায় বিষ্ণুপুরের ক্রিকেট প্রেমী মানুষ।
দু’দিনের এই আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বাঁকুড়া জেলা পুলিশের এক আধিকারিক বলেন, এই দু’দিনের ক্রিকেট ম্যাচে অতিরিক্ত পুলিশ বাহিনী নিয়োগ করা হয়েছে। নিশ্ছিদ্র নিরাপত্তায় পুরো স্টেডিয়াম মুড়ে ফেলা হচ্ছে বলেও তিনি জানান।
Source - Kolkata 24x7

Comments