জেলা থেকে রাজ্য নেতৃত্ব এখনও অফিসিয়ালি জানেন না, ‘তাঁর বলবদলুর কাহিনি’! রাতভর পার্টি অফিসে কাটিয়ে সকালে গ্রামে ‘শ্রাদ্ধ বাড়িতে যোগ দিতে যাচ্ছি বলে বেরিয়েছিলেন৷ দুপুরে তাঁকেই দেখা গেল তৃণমূলের অঘোষিত ‘সেকেন্ড ইন কম্যান্ড’ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মঞ্চে৷ জেলার তামাম রাজনৈতিক নেতাদের চমকে দিয়ে হাতে তুলে নিলেন তৃণমূলের পতাকা৷ তিনি বাঁকুড়ার ছাতনা বিধানসভা কেন্দ্রের আরএসপি বিধায়ক ধীরেন্দ্রনাথ লায়েক৷
পঞ্চায়েত ভোটের মুখে বাম বিধায়কের এভাবে ১৮০ ডিগ্রি পাল্টি খাওয়ার ঘটনায় জেলার রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে৷ যদিও এবিষয়ে পুরোপুরি অন্ধকারে স্থানীয় জেলা নেতৃত্বরা৷ ওয়াকিবহাল মহলের মতে, এঘটনা থেকেই স্পষ্ট পঞ্চায়েত ভোটের আগে একদা লাল-দুর্গে বামেরা বড়সড় ধাক্কা খেল৷
শুক্রবার রাইপুরের হলুদকানালী মাঠে তৃণমূলের সভা ছিল৷ প্রধান বক্তা ছিলেন দলের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ সেখানেই তৃণমূলের পতাকা নিজের হাতে তুলে নিলেন আরএসপি বিধায়ক৷ গত বিধানসভা ভোটে জেলা তৃণমূলের ‘হেভিওয়েট’ নেতা তথা প্রাক্তন বিধায়ক শুভাশীষ বটব্যালকে হারিয়ে বিধানসভায় যাওয়ার ছাড়পত্র আদায় করেছিলেন আরএসপির ধীরেন্দ্রনাথ লায়েক। যদিও ফোন বন্ধ থাকায় দলবদলু বিধায়কের কোনও প্রতিক্রিয়া মেলেনি৷
সিপিএমের রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য অমিয় পাত্রকে এবিষয়ে জানতে চাওয়া হলে তার প্রাথমিক প্রক্রিয়া, ‘‘আপনার কাছেই প্রথম শুনলাম। খবর সত্যি হলে খুব খারাপ খবর।’’ আরএসপি-র জেলা সম্পাদক গঙ্গা গোস্বামীর প্রতিক্রিয়া, ‘‘আমাদের কাছে এখনও কোন খবর নেই। আজ সকাল পর্যন্ত উনি জেলা পার্টি অফিসেই ছিলেন। গ্রামে ‘শ্রাদ্ধ বাড়ি’ আছে বলে অফিস থেকে বেরিয়েছেন। কোথায় ‘শ্রাদ্ধ করছে’ আমাদের জানা নেই!”
Source -Kolkata24*7
Comments
Post a Comment