আজ বুধবার জঙ্গলমহল সফরে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এর আগে গত জুন মাসে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী ঝাড়গ্রামে এসেছিলেন৷ তবে দ্বিতীয়বারের সরকারে এই প্রথমবার তিনি ঝাড়গ্রাম মহকুমার জামবনি ব্লকে প্রশাসনিক জনসভা করবেন বৃহস্পতিবার৷ এর আগে বুধবার ঝাড়গ্রামের ঘোড়াধরা স্টেডিয়ামে ‘মিলন অনুষ্ঠানে’ যোগ দেবেন তিনি৷
বুধবার ঘোড়াধরা স্টেডিয়ামে পুলিশের পক্ষ থেকে ঝাড়গ্রাম পুলিশ জেলার ২০০টি দুর্গাপুজো কমিটি, ১৩৪টি কালীপুজো কমিটি, ৭৫০টি ক্লাব, ৭০টি মুসলিম কমিটি, ৩৪টি চার্চের প্রতিনিধি, জৈন, বৌদ্ধ সম্প্রদায়ের প্রতিনিধিদের ডাকা হয়েছে৷ আমন্ত্রণ জানানো হয়েছে রামকৃষ্ণ মঠ ও মিশনের আইন ও গণমাধ্যমের ভারপ্রাপ্ত স্বামী শুভকরানন্দকে৷ তবে চার্চের ফাদাররা সম্ভবত উপস্থিত থাকতে পারবেন না৷ কারণ, বুধবার আন্তর্জাতিক সোলস ডে (বিদায়ী আত্মার প্রতি শ্রদ্ধা)৷
বুধবারের মিলন অনুষ্ঠান সেজে উঠছে নানা রঙের লোকসংস্কৃতির অনুষ্ঠানের মধ্য দিয়ে৷ অন্যদিকে বুধবারের অনুষ্ঠানের পর বৃহস্পতিবার জামবনি ব্লকের জামবনি থানার উল্টোদিকে বাণী বিদ্যাপীঠ হাইস্কুল মাঠে দ্বিতীয় ইনিংসের জঙ্গলমহলের প্রথম প্রশাসনিক জনসভা করবেন মমতা৷ এই জনসভায় মুখ্যমন্ত্রীর হাত ধরে ঝাড়গ্রাম মহকুমার প্রায় ২৫ হাজার মানুষ নানা পরিষেবা পাবেন৷
মুখ্যমন্ত্রী উদ্বোধন করবেন মোট ১৬৬টি প্রকল্পের, যার ব্যয় প্রায় ২৮০ কোটি টাকা৷ ১৩৮টি প্রকল্পের শিলান্যাস করবেন যার প্রকল্প ব্যয় প্রায় ১৯৯ কোটি টাকা৷ ইতিমধ্যে জেলায় ২ লক্ষ সাইকেল দেওয়া হয়েছে৷ প্রশাসনিক সভা থেকে সাইকেল দেওয়া হবে ৫ হাজার ১০ জনকে৷ পাট্টা প্রদান করা হবে ১২৩৯টি৷ ৪০০ লোকশিল্পীকে পরিচয়পত্র প্রদান করা হবে৷ কন্যাশ্রী প্রকল্পে ২০১০ জন পরিষেবা পাবে৷ আটটি এমন প্রকল্প যেগুলি উদ্বোধন হবে তার প্রকল্প ব্যয় ৫ কোটি টাকার উপরে৷ এর মধ্যে উল্লেখযোগ্য হল বিনপুরে ১৭ কোটি টাকা ব্যয়ে নার্সিং কলেজ, গোপীবল্লভপুর-২ ব্লকের পোড়াকুসুমে ১১ কোটি ২৭ লক্ষ টাকা ব্যয়ে মডেল স্কুল, কাঁথি থেকে বেলদা রাস্তা সম্প্রসারণ ৬৩ কোটি টাকা ব্যয়ে৷ গড়বেতায় আইটিআই কলেজ নির্মাণে ৫২ কোটি, খড়গপুর-কেশিয়াড়ি রাস্তা সম্প্রসারণে ৫ কোটি ৩৬ লক্ষ টাকা সহ আরও অন্যান্য প্রকল্প৷ ঝাড়গ্রাম ঘোড়াধরা স্টেডিয়ামে এদিনের মিলন উৎসবের জন্য ৫০ হাজার বর্গফুট এলাকা ঘেরা হয়েছে৷ মূল মঞ্চ ১৪শো বর্গফুট৷ প্রায় তিন হাজার মানুষের বসার ব্যবস্থা হয়েছে৷ থাকবেন শাসক দলের বিভিন্ন জনপ্রতিনিধি৷#FAM4TMC #fam

Comments
Post a Comment