#FAM
#FAM4TMC
দিল্লি, ২২ অক্টোবর : বিশ্বের অন্যতম কঠোর ক্যামব্রিয়ান পাহাড়ে মহড়ায় সোনার পদক জিতলেন ভারতীয় সেনার জওয়ানরা। এই মহড়ার উদ্যোক্তা ব্রিটিশ আর্মির পক্ষ থেকে টুইট করে জানানো হয়েছে, ভারতীয় সেনার গোর্খা রাইফেলসের ৮ নম্বর রেজিমেন্টের ২ নম্বর ব্যাটেলিয়নের জওয়ানদের ক্যামব্রিয়ান পাহাড়ের মহড়ায় সোনার পদক জেতার জন্য অভিনন্দন জানানো হচ্ছে। এই টুইটের সঙ্গে ওই ব্যাটেলিয়নের আট জওয়ানকে সোনার পদক দেওয়ার ভিডিওটিও আপলোড করা হয়েছে ব্রিটিশ আর্মির পক্ষ থেকে।
বিট্রেনের ওয়েলশের ক্যামব্রিয়ান পর্বতমালায় প্রতিবছরই এই আন্তর্জাতিক মহড়া অনুষ্ঠিত হয়ে থাকে। আর বিশ্বের অন্যতম কঠিন এই মহড়ায় সেনা জওয়ানদের অনেক কঠোর চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়। মোট ৫৫ কিলোমিটারের এই মহড়ায় সাপভর্তি ক্যামব্রিয়ান পর্বতমালায় ৪৮ ঘণ্টা ধরে বিভিন্ন ধরনের কাজ করতে হয় অংশগ্রহণকারী বিভিন্ন দেশের সেনা জওয়ানদের। এই মহড়ার পুরো সময়টাতেই প্রয়োজনীয় সরঞ্জামগুলি সহ একটি পার্সোনাল কিটও বহন করতে হয় তাঁদের।
মহড়ার সময় নির্দিষ্ট বিভিন্ন ধরনের সামরিক দক্ষতার ভিত্তিতেই পয়েন্ট দেওয়া হয় অংশ নেওয়া দলগুলিকে। পার্সোনাল কিটে থাকা কোনও জিনিস যদি এই মহড়ার সময়ে হারিয়ে যায় তাহলে পয়েন্ট কাটার সিস্টেমও আছে এখানে। পুরস্কার দেওয়ার ক্ষেত্রে এই মহড়ায় অংশ নেওয়া সেনা জওয়ানদের সামরিক দক্ষতা ও টার্গেটপূরণের ক্ষমতার মূল্যায়ন করেই পুরস্কার দেওয়ার নিয়ম এখানে।
এছাড়া এখানে যে কোনও ধরনের প্রতিবন্ধকতা থেকে বেরিয়ে আসার মহড়ার সঙ্গে সঙ্গে প্রাথমিক চিকিৎসার পদ্ধতি, বিমান পরিচিতি, যানবাহন ও যন্ত্রপতি এবং আইইডি ও মাইনফিল্ড ক্লিয়ারেন্স ড্রিল, পাহারার টেকনিক, যুদ্ধবন্দিদের সঙ্গে ব্যবহারের পদ্ধতি, হেলিকপ্টার ড্রিল, সংবাদমাধ্যমের সঙ্গে সম্পর্ক রাখার পদ্ধতি, বেতার যোগাযোগের পদ্ধতি ও কামানের মাধ্যমে লক্ষ্যে আঘাত হানার টেকনিকের সঙ্গে সঙ্গে আরও অনেক কিছুর অনুশীলন করানো হয়।
তবে এই পাহারার মহড়াকে কোনওভাবেই প্রতিযোগিতা বলা যাবে না। কারণ, এই মহড়ায় দেওয়া টাস্ক পূরণের ফলে যে দল ৭৫ শতাংশ নম্বর পায় তাদের সোনার পদক। যারা ৬৫ থেকে ৭৪ শতাংশ নম্বর পায় তারা রূপো ও যারা ৫৫ থেকে ৬৪ শতাংশ নম্বর পায় তাদের ব্রোঞ্জের পদক দেওয়া হয়। আর ৫৫ শতাংশের নিচে নম্বর পেলে হাতে পাওয়া যায় মহড়া সম্পূর্ণ করার সার্টিফিকেট।

Comments
Post a Comment